ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সাতটি দেশে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সেবার প্রচারণামূলক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। ফলে এসব দেশে মেটার প্ল্যাটফর্মে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার লিংকযুক্ত বিজ্ঞাপন আর প্রচার করা যাবে না। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেটার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার এই সিদ্ধান্তের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশে তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারাও টিকটক বা বাইটড্যান্সের অন্য সেবার প্রচারণামূলক বিজ্ঞাপন ফেসবুক ও ইনস্টাগ্রামে চালাতে পারবেন না।
মেটার বক্তব্য, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের এমন বিজ্ঞাপন প্রচারের প্রয়োজন নেই, যার উদ্দেশ্য ব্যবহারকারীদের একটি অ্যাপ থেকে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া। প্রতিষ্ঠানটি মনে করে, বিভিন্ন শিল্প খাতেই প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রচারণামূলক বিজ্ঞাপন সীমিত রাখা একটি স্বাভাবিক ব্যবসায়িক চর্চা। মেটা জানিয়েছে, তারা পণ্যের মান ও ব্যবহারকারীর অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতা চালিয়ে যাবে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিকটক ও বাইটড্যান্স। তবে টিকটকের ওয়েবসাইটে বলা হয়েছে, অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ খুলে দেওয়া বা সেখানে ব্যবহারকারীদের লগইন করানোর মতো লিংক তারা সমর্থন করে না। অবশ্য ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে অন্য প্ল্যাটফর্মের ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারেন।
সাম্প্রতিক সময়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং অনলাইন নিরাপত্তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বেড়েছে। মেটাও এ বিষয়ে বিভিন্ন আইনি পদক্ষেপের মুখে পড়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের সঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে করা মামলায় সমঝোতায় পৌঁছায় প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সমঝোতার আওতায় সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পরিশোধের বিষয় রয়েছে।
এরপর শিশু-কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা জোরদারে সম্মত হয় মেটা। এর মধ্যে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ, রাতে ব্যবহার সীমিত করা এবং বয়সসীমা নির্ধারিত কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকানোর উদ্যোগ রয়েছে।
অন্যদিকে, শিশুদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে গত সেপ্টেম্বরে সমঝোতায় পৌঁছায় টিকটক। ওই সমঝোতা অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং বয়স যাচাইয়ের ব্যবস্থা আরও জোরদার করতে হবে। শিশুদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি ও ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগের নিষ্পত্তিতে এ সমঝোতা হয়।
যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ টিকটক ব্যবহার করেন। দেশটিতে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করা এবং অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে একটি চুক্তির পর টিকটক বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মার্কিন মালিকানাধীন যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, মেটার এই নিষেধাজ্ঞার খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ। তবে সাতটি দেশে বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্তের ফলে টিকটকের প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রতিযোগিতায় কী ধরনের প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: রয়টার্স



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন