১. সিনথআইডি ডিটেক্টর সবার জন্য উন্মুক্ত

সিনথআইডি ডিটেক্টর (SynthID Detector) নামের ওয়েবভিত্তিক টুলটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে গুগল। এর মাধ্যমে এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি, ভিডিও ও অডিওতে ডিজিটাল ওয়াটারমার্ক আছে কি না, তা পরীক্ষা করা যাবে। টুলটি বিনা মূল্যে ব্যবহার করা গেলেও লগইন করতে হবে গুগল, ওপেনএআই অথবা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে।

২. কীভাবে কাজ করবে টুলটি?

সিনথআইডি ডিটেক্টর মূলত কনটেন্টের ভেতরে থাকা বিশেষ ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করে। এর সাহায্যে গুগলের সমর্থিত এআই প্রযুক্তি দিয়ে কোনো ছবি, ভিডিও বা অডিও তৈরি কিংবা সম্পাদনা করা হয়েছে কি না, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। গুগল এক বছরের বেশি সময় ধরে টুলটি উন্নয়নে কাজ করেছে। আগে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য এর বিভিন্ন সংস্করণ ব্যবহারের সুযোগ ছিল।

৩. অন্য প্রতিষ্ঠানের এআই কনটেন্টও কি শনাক্ত হবে?

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গুগল, ওপেনএআই, এনভিডিয়া ও কাকাওয়ের এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে সিনথআইডি ওয়াটারমার্ক রয়েছে কি না, তা যাচাই করা যাবে। এ ছাড়া অ্যাপলের ‘ইমেজ প্লেগ্রাউন্ড’-এর মতো সুবিধা দিয়ে তৈরি ছবির ক্ষেত্রেও এটি কাজে আসতে পারে। তবে অ্যাপল ইন্টেলিজেন্সের কনটেন্ট শনাক্তের সমর্থন পরে যুক্ত করার কথা জানিয়েছে গুগল।

৪. এআই কনটেন্ট শনাক্তে রয়েছে সীমাবদ্ধতা

সিনথআইডি ডিটেক্টর সব ধরনের এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করতে পারে না। কারণ, বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা ওয়াটারমার্ক ও প্রযুক্তি ব্যবহার করে। কোনো কনটেন্ট থেকে ওয়াটারমার্ক মুছে ফেলা হলেও শনাক্ত করা কঠিন হতে পারে। আবার কোনো ছবি বা ভিডিও পুরোপুরি এআই দিয়ে তৈরি, নাকি শুধু সম্পাদনা করা হয়েছে, সেটিও টুলটি সব সময় আলাদা করে জানাতে পারে না।

৫. সব এআই কনটেন্ট শনাক্তের সর্বজনীন ব্যবস্থা নেই

এখনো এমন কোনো একক ব্যবস্থা নেই, যা সব প্রতিষ্ঠানের এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিও নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, মেটাও নিজস্ব শনাক্তকরণ প্রযুক্তি নিয়ে কাজ করেছে। তবে সেটির সক্ষমতা মূলত মেটার নির্দিষ্ট কিছু এআই মডেলের কনটেন্টের মধ্যে সীমিত। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তির মধ্যে সমন্বয় বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

৬. কনটেন্ট যাচাইয়ে কী মনে রাখা জরুরি?

গুগল জানিয়েছে, আরও বেশি ধরনের এআই কনটেন্ট শনাক্ত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণের উদ্যোগ রয়েছে। এ ক্ষেত্রে ইলেভেনল্যাবসও সিনথআইডি ওয়াটারমার্ক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সিনথআইডি ডিটেক্টরে ওয়াটারমার্ক পাওয়া না গেলেই কোনো কনটেন্ট আসল বা এআই দিয়ে তৈরি নয়, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তাই ছবি, ভিডিও ও অডিওর সত্যতা যাচাইয়ে এই টুলের ফলের পাশাপাশি নির্ভরযোগ্য উৎস ও অন্যান্য প্রমাণও বিবেচনা করা প্রয়োজন।