রাশমিকা মান্দানার মানবিক উদ্যোগে এবার উপকৃত হতে চলেছেন ৪০০ পরিবার। দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী আগামী এক বছর এসব পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার খরচ বহনের পরিকল্পনা করেছেন। অভিনয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের কথা প্রকাশ্যে এনে ভক্তদেরও সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানান রাশমিকা। আগে এমন মানবিক কাজের কথা প্রকাশ্যে আনতেন না তিনি। তবে এবার তাঁর উদ্দেশ্য, নিজের কাজের মাধ্যমে অন্যদেরও ভালো কাজে অনুপ্রাণিত করা। তাঁর মতে, মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান দেওয়ার একটি উপায় হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
রাশমিকা জানিয়েছেন, প্রাথমিকভাবে ৪০০টি পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। প্রতি তিন মাস অন্তর তাঁদের নিত্যপ্রয়োজনীয় বাজারের খরচ বহন করা হবে। আগামী এক বছর ধরে চলবে এই উদ্যোগ। এতে পরিবারগুলো দৈনন্দিন খরচের কিছু অর্থ সঞ্চয় করে ভবিষ্যতের প্রয়োজন মেটাতে পারবে বলে আশা করছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে রাশমিকা তাঁর আসন্ন সিনেমা ‘রানাবলী’র চরিত্র জয়াম্মার সঙ্গে নিজের ব্যক্তিত্বের মিলের কথাও তুলে ধরেছেন। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাকে এই মিলের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, অন্যকে সাহায্য করার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। এবার সেই অভিজ্ঞতা প্রকাশ্যে এনে আরও মানুষকে ভালো কাজে উৎসাহিত করতে চান তিনি।
ভক্তদের উদ্দেশে রাশমিকার বার্তা, কাউকে সাহায্য করতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। ছোট একটি ভালো কাজও অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জীবনের নানা চ্যালেঞ্জ, শারীরিক আঘাত ও কঠিন সময়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখে হাসি দেখাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
এদিকে রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবলী’ সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি তাঁদের একসঙ্গে অভিনীত তৃতীয় সিনেমা। সিনেমাটি ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। মানবিক উদ্যোগের পাশাপাশি নতুন এই সিনেমা নিয়েও বর্তমানে আলোচনায় রয়েছেন রাশমিকা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন