নাসিমা খানের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলা ও উর্দু চলচ্চিত্রের বর্ষীয়ান এই অভিনেত্রী রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ অভিনয়জীবনে তিনি নিজের প্রতিভা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নাসিমা খান শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
বাংলা চলচ্চিত্রের শুরুর দিকের অভিনয়শিল্পীদের মধ্যে নাসিমা খান ছিলেন অন্যতম। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান তিনি।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন নাসিমা খান। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। সর্বশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় তাঁকে পর্দায় দেখা যায়।
সনি রহমান জানান, অসুস্থতার মধ্যেও সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন নাসিমা খান। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি পুরোনো অধ্যায়ের অবসান হলো।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন