চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের এককালীন ভাতা, সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান গাড়ি, দোকান, গবাদি পশু এবং নিবন্ধিত সমিতির অর্থায়নে গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার ও উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কেউ যাতে পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই সরকারের সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।"
পরে তিনি উপকারভোগীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন