চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট ‘আজিজ সেন্টার’ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৬ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ মিরাজ, সহ-প্রিজাইডিং অফিসার তাসলিম হোসেন ফাহিম ও মোঃ রাশেদ।
ব্যবসায়ী সমিতির ১২টি পদের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ পদে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে নরেশ ধর, সাধারণ সম্পাদক পদে মোঃ আবু ছালেক চৌধুরী ও অর্থ সম্পাদক পদে মোহাম্মদ নাছির নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক, সহ-সভাপতি মোঃ শওকত, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ ফয়সাল আলম বাবু, ধর্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রহমত ও কার্যকরী সদস্য সুজন।
এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে আলহাজ্ব আবদুল মজিদ, উপদেষ্টা হিসেবে মোঃ সোনা মিয়া মেম্বার ও মোঃ আসহাব মিয়া নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি নরেশ ধর বলেন, “আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মার্কেটের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু ছালেক চৌধুরী বলেন,“এই বিজয় আমাদের সকল ব্যবসায়ীর বিজয়। অতীতে যেভাবে ব্যবসায়ীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। মার্কেটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
বিদায়ী সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক বলেন, “আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিগত মেয়াদে দায়িত্ব পালনকালে সকলের যে সহযোগিতা পেয়েছি, সেজন্য ধন্যবাদ। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন নেতৃত্বের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। ব্যবসায়ীদের কল্যাণে আমি সবসময় পাশে আছি।”
নবনির্বাচিত অর্থ সম্পাদক মোহাম্মদ নাছির বলেন, “আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। সমিতির আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাবো।”
পরে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ ব্যবসায়ীরা এবং বিরিয়ানি বিতরণ করা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন