কৈশোরে পা দেওয়ার পর সন্তানের আচরণে নানা পরিবর্তন দেখা যায়। কখনো সে হাসিখুশি থাকে, আবার কখনো নিজেকে গুটিয়ে নেয় নিজের ঘরে। সামান্য প্রশ্নেও বিরক্তি প্রকাশ করতে পারে। এমন পরিস্থিতিতে সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বাবা-মাকে কথাবার্তায় বাড়তি সতর্ক হতে হবে। বিশেষজ্ঞদের মতে, কিছু মন্তব্য কিশোর সন্তানের আত্মবিশ্বাসে আঘাত করতে পারে এবং বাবা-মায়ের সঙ্গে তার মানসিক দূরত্ব বাড়িয়ে দিতে পারে।
কৈশোর শারীরিক ও মানসিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়। এ বয়সে সন্তান নিজের পরিচয়, পছন্দ, বন্ধুত্ব ও ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তার মধ্য দিয়ে যায়। তাই বাবা-মায়ের বলা প্রতিটি কথা তার মনে প্রভাব ফেলতে পারে। অনেক সময় কী বলা হচ্ছে, তার চেয়েও কীভাবে বলা হচ্ছে, সেটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
অন্যের সঙ্গে তুলনা করবেন না
‘তোমার কাজিনের মতো হতে পারো না?’ কিংবা ‘অমুকের ছেলে কত ভালো ফল করে’ এ ধরনের কথা সন্তানকে উৎসাহিত করার উদ্দেশ্যে বলা হলেও তার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। অন্যের সঙ্গে বারবার তুলনা করলে কিশোরের মনে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
বিশেষ করে পড়াশোনা, শারীরিক গঠন কিংবা ব্যক্তিগত দক্ষতা নিয়ে কৈশোরে অনেকেই অনিশ্চয়তায় ভোগে। তাই অন্যের উদাহরণ না টেনে সন্তানের নিজের উন্নতি ও প্রচেষ্টার প্রশংসা করুন। ছোট সাফল্যকেও গুরুত্ব দিন।
আবেগ প্রকাশকে দুর্বলতা বলবেন না
‘ছেলেরা কাঁদে না’ কিংবা ‘আরও শক্ত হও’ এ ধরনের মন্তব্য ছেলেদের নিজের অনুভূতি লুকিয়ে রাখতে শেখাতে পারে। অথচ দুঃখ, ভয়, হতাশা কিংবা মানসিক চাপ অনুভব করা স্বাভাবিক বিষয়। আবেগ প্রকাশের সুযোগ না পেলে সন্তান মানসিকভাবে আরও একা হয়ে পড়তে পারে।
সন্তান যখন নিজের কষ্টের কথা জানায়, তখন তাকে উপহাস না করে মনোযোগ দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। বরং তাকে বোঝান, নিজের অনুভূতি প্রকাশ করার জন্য বাবা-মায়ের কাছে সে নিরাপদ।
বন্ধু ও ভালো লাগা নিয়ে ঠাট্টা করবেন না
কৈশোরে বন্ধুত্ব, পছন্দের মানুষ কিংবা প্রথম ভালো লাগার অনুভূতি সন্তানের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিয়ে হাসাহাসি করা বা আত্মীয়স্বজনের সামনে ব্যক্তিগত কথা প্রকাশ করা তাকে বিব্রত করতে পারে। এতে বাবা-মায়ের প্রতি তার বিশ্বাসও কমে যেতে পারে।
সন্তানের বন্ধুদের নিয়ে উদ্বেগ থাকলে সরাসরি সমালোচনা না করে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলুন। তার পছন্দের বিষয়গুলোতে আগ্রহ দেখান এবং ব্যক্তিগত কথার গোপনীয়তা বজায় রাখুন।
পুরোনো ভুল বারবার মনে করিয়ে দেবেন না
পরীক্ষায় খারাপ ফল, খেলাধুলায় পরাজয় কিংবা অতীতের কোনো ভুল নিয়ে বারবার কথা বলা সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। বিশেষ করে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনার সময় পুরোনো ব্যর্থতা সামনে আনলে তার মনে হতে পারে, বাবা-মা তাকে অতীতের ভুল দিয়েই বিচার করেন।
বরং ভুলের কারণ বুঝতে সাহায্য করুন। কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, তা নিয়ে সন্তানের সঙ্গে আলোচনা করুন। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করার সাহস দিন।
ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন
কৈশোরে অনেক সন্তান নিজের মতো করে সময় কাটাতে চায়। একা থাকতে চাওয়া কিংবা সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে না দেওয়া মানেই সে বাবা-মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এমন নয়।
বারবার প্রশ্ন করা, জোর করে ব্যক্তিগত বিষয় জানতে চাওয়া কিংবা কথা বলতে না চাইলে রাগ দেখানো সন্তানের মধ্যে বিরক্তি তৈরি করতে পারে। তাকে নিজের মতো সময় কাটানোর সুযোগ দিন। পাশাপাশি বোঝান, যেকোনো প্রয়োজনে বাবা-মাকে পাশে পাবে।
সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন যেভাবে
কৈশোরে সন্তানের আচরণ ও চিন্তাভাবনায় পরিবর্তন আসা স্বাভাবিক। তাই শুধু শাসন বা উপদেশ দেওয়ার পরিবর্তে তার অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া সম্পর্ক ভালো রাখার অন্যতম উপায়।
এ ছাড়া ভুল হলে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া, ব্যক্তিগত বিষয়কে সম্মান করা এবং প্রয়োজনে বন্ধুর মতো পাশে থাকা জরুরি। মনে রাখতে হবে, সন্তানকে সব সময় নিয়ন্ত্রণ করার চেয়ে তার কাছে একজন নির্ভরযোগ্য মানুষ হয়ে ওঠা বেশি গুরুত্বপূর্ণ। যেন সে নির্দ্বিধায় নিজের আনন্দ, কষ্ট ও সমস্যার কথা বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন