চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

"প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এবং "সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চন্দনাইশের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদের উন্নয়ন, খামারিদের সচেতনতা ও নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণের বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।

প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা
প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ফেরদৌসী আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকি, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি অফিসার আজাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানবীর আহসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের সঠিক প্রশিক্ষণ, টিকাদান ও আধুনিক লালন-পালন পদ্ধতি গ্রহণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রাণিসম্পদ সপ্তাহে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাণিসম্পদ সপ্তাহে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।