পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন পটিয়ার সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম। এমপি নির্বাচিত হলে সড়ক নির্মাণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচনের প্রায় নয় মাসের মাথায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৩ নম্বর দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গুয়াদন্ডি রাস্তার মাথা থেকে সমাজকল্যাণ পাঠাগার পর্যন্ত ‘দক্ষিণ ভূর্ষি সমাজকল্যাণ পাঠাগার সড়ক’ নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্পের আওতায় ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। ২২ নভেম্বর (রবিবার) সকালে নির্মাণকাজের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে সড়ক পরিমাপ, প্রয়োজনীয় কালভার্ট নির্মাণের স্থান নির্ধারণসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় উপজেলা এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীরা সড়কটির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নোট করেন।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন ১৩ নম্বর দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তার মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদুল আলম (এরশাদ), পটিয়া উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বদরুল আলম, নূর হোসেন, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মিয়া, বাছা, ছাত্রদল নেতা মেহেদী হাসান সম্রাটসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৩০-৩৫ ধরে সড়কটি অবহেলিত অবস্থায় রয়েছে। সরকার আসে, সরকার যায়; কিন্তু দীর্ঘদিনেও সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করেন। সড়কটি নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার মানুষের চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা এমপি এনামুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন