ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বই লেখার জন্য চালু হয়েছে নতুন সাহিত্য পুরস্কার। ‘প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ’ নামের এই প্রতিযোগিতায় চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাইসহ বিভিন্ন এআই মডেলের সাহায্যে লেখা পাণ্ডুলিপি জমা দিতে পারবেন লেখকেরা। প্রতিযোগিতায় বিজয়ী বইটি প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন আয়োজকেরা।
এই উদ্যোগের মাধ্যমে সাহিত্য রচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে নতুনভাবে মূল্যায়ন করতে চান আয়োজকেরা। প্রতিযোগিতায় অংশ নিতে হলে ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের মধ্যে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে হবে। তবে শুধু এআই দিয়ে লেখা তৈরি করলেই চলবে না, লেখার প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে হবে।
প্রতিযোগীদের জানাতে হবে, পাণ্ডুলিপি তৈরিতে কোন এআই মডেল ব্যবহার করা হয়েছে এবং কী ধরনের নির্দেশনা বা প্রম্পট দেওয়া হয়েছে। চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই ও লামার মতো জনপ্রিয় ভাষাভিত্তিক এআই মডেল ব্যবহারের অনুমতি রয়েছে। অর্থাৎ লেখকেরা নিজেদের পছন্দ অনুযায়ী এক বা একাধিক মডেলের সহায়তা নিতে পারবেন।
প্রতিযোগিতায় বিশ্বের যেকোনো দেশের লেখকেরা অংশ নিতে পারবেন। তবে জমা দেওয়া পাণ্ডুলিপি অবশ্যই ফরাসি ভাষায় রচিত হতে হবে। ফরাসি ভাষার সাহিত্যকে কেন্দ্র করে আয়োজন করা হলেও আন্তর্জাতিক পর্যায়ের লেখকদের জন্য প্রতিযোগিতার দরজা খোলা রাখা হয়েছে।
‘প্রি পাস্কাল’ নামটি রাখা হয়েছে ফ্রান্সের বিখ্যাত দার্শনিক, গণিতবিদ ও বহুমুখী প্রতিভার অধিকারী ব্লেইজ পাস্কালের নাম অনুসারে। তিনি বিশ্বের প্রথম দিককার যান্ত্রিক গণনাযন্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ধর্মতত্ত্ব ও দর্শন নিয়েও তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘পঁসে’। পোপ ফ্রান্সিস বইটির দার্শনিক গভীরতা ও সাহিত্যিক মাধুর্যের প্রশংসা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে। আয়োজকদের নিয়ম অনুযায়ী, জমা দেওয়া উপন্যাস বা কল্পকাহিনিতে এমন কোনো বিষয় থাকতে হবে, যা মানবজাতির জন্য হুমকি তৈরি করা নৈতিক, সামাজিক কিংবা পরিবেশগত সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। অর্থাৎ সাহিত্যিক সৃজনশীলতার পাশাপাশি লেখায় মানবকল্যাণের বিষয়টিও গুরুত্ব পাবে।
এই পুরস্কারের উদ্যোক্তা তিনজন প্রযুক্তি খাতের ব্যবসায়ী। তাঁরা হলেন ফিলিপ রদ্রিগেজ, আলব্যাঁ সেরভিয়ঁ ও জিল মঁত্রে। রদ্রিগেজ ব্যবসায়িক একীভূতকরণ ও অধিগ্রহণবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাভোল্টার প্রতিষ্ঠাতা অংশীদার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে তাঁকে ইউরোপের ক্রিপ্টো ও ব্লকচেইন শিল্পের একজন পরিচিত ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, আলব্যাঁ সেরভিয়ঁ ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা এবং এলজিবিটিকিউ+ বিষয়ক ম্যাগাজিন ‘তেতু’র সাবেক চেয়ারম্যান। জিল মঁত্রে একজন সাবেক সরকারি কর্মকর্তা। দর্শনে পিএইচডি ডিগ্রিধারী এই ব্যক্তি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্যারিস ১ পঁতেওঁ-সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পাশাপাশি তিনি অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম ইলেক্টিসের সহপ্রতিষ্ঠাতা।
এআই দিয়ে সাহিত্য রচনার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যেই নতুন এই পুরস্কার চালুর ঘোষণা এসেছে। চলতি বছর কয়েকটি গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কারের চূড়ান্ত তালিকায় থাকা লেখক ও বিজয়ীদের বিরুদ্ধে লেখায় এআই ব্যবহারের অভিযোগ ওঠে। এ নিয়ে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার, কেইন পুরস্কার এবং ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার প্রি গোঁকুকে ঘিরেও আলোচনা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে এআইয়ের সহায়তায় লেখা বইকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের আওতায় আনার উদ্যোগটি সাহিত্যজগতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। কেউ এটিকে প্রযুক্তি ও সৃজনশীলতার নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ লেখকের নিজস্ব সৃষ্টিশীলতা ও এআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।
গত মঙ্গলবার থেকে প্রি পাস্কালের ওয়েবসাইটে প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নভেম্বরের শেষ দিন পর্যন্ত। এরপর ১০টি বই নিয়ে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। পাঁচ থেকে ছয়জন লেখক, সাহিত্য সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল বিজয়ী নির্বাচন করবে। নভেম্বরের শুরুতেই বিচারকদের নাম প্রকাশের কথা রয়েছে। ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম।
সূত্র: দ্য গার্ডিয়ান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন