গত এক শতাব্দীতে অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফে অসংখ্য বিচিত্র ও চমকপ্রদ সামুদ্রিক প্রাণী আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তবে এত সব অনুসন্ধানের পরও এক অদ্ভুত মাছ দীর্ঘদিন ধরে গবেষকদের চোখের আড়ালেই ছিল। অবশেষে চলতি মাসে ‘ফিশ বায়োলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে নতুন এই প্রজাতির মাছ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা।
নতুন এই প্রাণীটি মূলত একধরনের ঘোস্ট পাইপফিশ (Ghost pipefish), যার বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘সোলেনোস্টোমাস স্ন্যাফেলুপাগাস’। ছোটদের জনপ্রিয় টিভি শো ‘সেসেমি স্ট্রিট’-এর ম্যামথ হাতির মতো দেখতে বিখ্যাত কার্টুন চরিত্র মিস্টার স্ন্যাফেলুপাগাসের সঙ্গে চেহারার অদ্ভুত মিল থাকায় মাছটির এমন মজার নামকরণ করা হয়েছে।
দুই দশকের দীর্ঘ অনুসন্ধান
এই আবিষ্কারের গল্প শুরু হয়েছিল ২০ বছরেরও বেশি সময় আগে। অস্ট্রেলিয়ার পোর্ট স্টিফেনস ফিশারিজ ইনস্টিটিউটের সমুদ্রবিজ্ঞানী ডেভিড হারাস্টি পাপুয়া নিউগিনির সাগরে স্কুবা ডাইভিং করার সময় প্রথম এমন একটি মাছ দেখতে পান। মাছটির মুখ ছিল পুরো শরীরের সমান লম্বা এবং গায়ে ছিল ঢেউখেলানো বাদামি-কমলা রঙের লোম, যা সমুদ্রতলের শেওলার সঙ্গে পুরোপুরি মিশে ছিল। তখনই হারাস্টি ঠিক করেছিলেন, এটি নতুন প্রজাতি হলে এর নাম রাখবেন ‘মিস্টার স্ন্যাফেলুপাগাস’।
এরপর ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেসের মৎস্যবিজ্ঞানী গ্রাহাম শর্টকে সঙ্গে নিয়ে মাছটির খোঁজে নামেন তিনি। হারাস্টি পাঁচবার পাপুয়া নিউগিনিতে অভিযান চালান এবং শর্ট তন্নতন্ন করে খোঁজেন জাদুঘরের নমুনা সংগ্রহশালায়। তবুও প্রায় দুই দশক এর কোনো হদিস মেলেনি। অবশেষে ২০২১ সালে গ্রেট ব্যারিয়ার রিফের কয়েকজন স্কুবা ডাইভার খাটো ও লোমশ এক মাছ দেখার খবর দিলে দুই বিজ্ঞানী সেখানে ছুটে যান। দ্বিতীয় দফা ডাইভে তাঁরা এক জোড়া অদ্ভুত ঘোস্ট পাইপফিশের দেখা পান। সেই মুহূর্তের কথা স্মরণ করে শর্ট জানান, আনন্দে তাঁরা পানির নিচেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন এবং তিনি চিৎকার করে উঠেছিলেন।
আকারে ছোট হলেও দারুণ শিকারি
গবেষণাগারে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এটি ঘোস্ট পাইপফিশের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। দেখতে অনেকটা সি-হর্স বা সামুদ্রিক প্রবালের ডালপালার মতো হলেও এরা আলাদা। সাধারণ ঘোস্ট পাইপফিশের তুলনায় এরা আকারে প্রায় অর্ধেক-লম্বায় মাত্র ৪ থেকে ৫ সেন্টিমিটার। তবে আকারে ছোট হলেও এরা বেশ আক্রমণাত্মক শিকারি। সিটি স্ক্যানে এর পেটের ভেতর আস্ত একটি ছোট মাছের কঙ্কাল দেখে বিজ্ঞানীরা রীতিমতো অবাক হয়ে যান।
মাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর পুরো শরীর চুলের মতো নরম তন্তুতে ঢাকা। ‘আইন্যাচারালিস্ট’ (iNaturalist) প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গা, পাপুয়া নিউগিনি ও নিউ ক্যালেডোনিয়ার সাগরেও এদের দেখা মিলেছে। পরিবেশভেদে এদের রঙেও বৈচিত্র্য থাকে-কোনোটি উজ্জ্বল লাল বা বেগুনি, আবার কোনোটি গাঢ় কমলা বা বাদামি রঙের হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন