ইন্টারনেটে ‘আই অ্যাম নট অ্যা রোবট’ লেখা বক্সে ক্লিক করলেই কি আপনার কম্পিউটার ঝুঁকিতে পড়তে পারে? সাইবার অপরাধীরা এখন পরিচিত এই নিরাপত্তাব্যবস্থাকে ব্যবহার করেই তৈরি করছে নতুন প্রতারণার ফাঁদ। আসল ক্যাপচার মতো দেখতে ভুয়া ওয়েবপেজ তৈরি করে ব্যবহারকারীদের দিয়ে করানো হচ্ছে বিপজ্জনক কাজ। বিশেষ করে ক্যাপচা যাচাইয়ের নামে Windows+R চেপে Run বক্স খোলা কিংবা অজানা কম্যান্ড কপি-পেস্ট করতে বললে বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি হতে পারে।

এই প্রতারণার কৌশলটি ‘ক্লিকফিক্স’ (ClickFix) নামে পরিচিত। এর মাধ্যমে সাইবার অপরাধীরা সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের বিশ্বাসকে কাজে লাগিয়ে কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করছে। ব্যবহারকারীরা অনেক সময় বিষয়টি বুঝতে না পেরে ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করেন। ফলে নিজেদের অজান্তেই ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেন।

কী এই ক্যাপচা?

ক্যাপচা শব্দটির পূর্ণরূপ ‘কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট’। এটি এমন একটি নিরাপত্তাব্যবস্থা, যার মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশকারী ব্যবহারকারী মানুষ নাকি স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রাম, তা যাচাই করা হয়।

সাধারণত ওয়েবসাইটে প্রবেশ, অ্যাকাউন্ট তৈরি কিংবা কোনো নির্দিষ্ট কাজ করার সময় ক্যাপচা যাচাই করতে হয়। কখনো একটি বক্সে টিক দিতে হয়, আবার কখনো কয়েকটি ছবির মধ্যে ট্রাফিক লাইট, গাড়ি বা নির্দিষ্ট বস্তু চিহ্নিত করতে বলা হয়। এর মূল উদ্দেশ্য হলো স্প্যাম, ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং বটের মাধ্যমে পরিচালিত অননুমোদিত কার্যক্রম প্রতিরোধ করা।

ক্যাপচার আড়ালে কীভাবে প্রতারণা করছে সাইবার অপরাধীরা?

ক্লিকফিক্স পদ্ধতিতে অপরাধীরা প্রথমে আসল ক্যাপচার মতো দেখতে একটি ভুয়া ওয়েবপেজ তৈরি করে। ব্যবহারকারী সেখানে প্রবেশ করলে তাকে মানুষ হিসেবে শনাক্ত করার জন্য কয়েকটি অতিরিক্ত ধাপ অনুসরণ করতে বলা হয়। এসব নির্দেশনা এমনভাবে সাজানো হয়, যাতে ব্যবহারকারী সহজেই সেগুলোকে স্বাভাবিক নিরাপত্তা যাচাইয়ের অংশ মনে করেন।

কিছু ক্ষেত্রে ব্যবহারকারীকে কম্পিউটারের ক্লিপবোর্ডে আগে থেকেই কপি করে রাখা একটি কম্যান্ড চালানোর নির্দেশ দেওয়া হয়। এজন্য Windows+R চেপে Run বক্স খুলতে এবং সেখানে কম্যান্ড পেস্ট করে চালাতে বলা হতে পারে। কখনো Windows Terminal কিংবা ম্যাক কম্পিউটারের Terminal ব্যবহারের নির্দেশও দেওয়া হয়।

ব্যবহারকারী নির্দেশনা অনুযায়ী অজানা কম্যান্ড চালিয়ে ফেললে সেটি কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড বা সক্রিয় করতে পারে। এর মাধ্যমে অপরাধীরা ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য এবং বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।

কীভাবে চিনবেন ভুয়া ক্যাপচা?

আসল ক্যাপচায় সাধারণত নির্দিষ্ট বক্সে টিক দেওয়া, ছবি শনাক্ত করা, অক্ষর-সংখ্যা লেখা কিংবা সহজ কোনো ধাঁধার সমাধান করতে হয়। কিন্তু কোনো ওয়েবসাইট যদি যাচাইয়ের নামে Windows+R চাপতে, Run বা Terminal খুলতে কিংবা অজানা কম্যান্ড কপি-পেস্ট করতে বলে, তাহলে সতর্ক হতে হবে।

মনে রাখতে হবে, সাধারণ ক্যাপচা যাচাইয়ের জন্য কম্পিউটারের কম্যান্ড চালানোর প্রয়োজন হয় না। তাই এমন নির্দেশনা দেখলে ওয়েবসাইটটি থেকে বেরিয়ে আসাই নিরাপদ।

কীভাবে এই প্রতারণা থেকে নিরাপদ থাকবেন?

ক্লিকফিক্স প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।

1. ক্যাপচা যাচাইয়ের নামে কোনো ওয়েবসাইট Run বা Terminal খুলতে বললে সেই নির্দেশ অনুসরণ করবেন না।

2. অপরিচিত ওয়েবসাইট থেকে পাওয়া কোনো কম্যান্ড কপি-পেস্ট করে চালাবেন না। ক্লিপবোর্ডে কী রয়েছে, তা না জেনে কম্যান্ড চালানো বিপজ্জনক হতে পারে।

3. সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন।

4. কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।

5. গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) চালু রাখুন।

ভুল করে কম্যান্ড চালিয়ে ফেললে কী করবেন?

কেউ ভুল করে ভুয়া ক্যাপচার নির্দেশনা অনুসরণ করে অজানা কম্যান্ড চালিয়ে ফেললে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রথমেই সন্দেহজনক কার্যক্রমের আশঙ্কা থাকলে আক্রান্ত ডিভাইসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন। এরপর নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার দিয়ে ডিভাইসটি পরীক্ষা করান।

পাশাপাশি অন্য কোনো নিরাপদ ডিভাইস ব্যবহার করে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। অ্যাকাউন্টে অস্বাভাবিক লগইন বা অন্য কোনো সন্দেহজনক কার্যক্রম হয়েছে কি না, সেটিও পরীক্ষা করা প্রয়োজন। পরিস্থিতি জটিল মনে হলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের সহায়তা নিন।

ইন্টারনেটে পরিচিত নিরাপত্তা যাচাইয়ের চিহ্ন দেখেই কোনো ওয়েবসাইটকে বিশ্বাস করা উচিত নয়। বিশেষ করে ক্যাপচা যাচাইয়ের নামে কম্পিউটারে অজানা কম্যান্ড চালানোর নির্দেশ পেলে তা এড়িয়ে চলুন। সামান্য অসতর্কতাও ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।