দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত বিচার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিচারহীনতার সংস্কৃতি ভাঙার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো’ প্রতিপাদ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে। শারীরিক ও মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, সাইবার হয়রানি ও ধর্ষণের মতো ঘটনা নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে বড় বাধা। আইনের যথাযথ প্রয়োগের অভাব ও বিচারিক দীর্ঘসূত্রতার কারণে নারীর অগ্রগতি এবং সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলার গোফরাইল ফরাক্কাবাদ, রানীশংকৈল, বিরামপুর ও বীরগঞ্জে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের কয়েকটি ঘটনা তুলে ধরে দ্রুত বিচার দাবি করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানানো হয়, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে জেলায় নারী ও শিশু ধর্ষণের মামলা হয়েছে ৯টি, নারী নির্যাতনের ২৪৭টি, শিশু নির্যাতনের ১৭৩টি, যৌতুকের জন্য নির্যাতনের ৭২৩টি এবং অন্যান্য ৭৮০টি মামলা।
এ ছাড়া গত এক বছরে মহিলা পরিষদের কাছে আসা ১৪টি অভিযোগের মধ্যে ৮টির তদন্ত সম্পন্ন হয়েছে এবং ৪টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, অনলাইন ও সাইবার জগতে নারীর নিরাপত্তায় নজরদারি জোরদার, ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন নিষিদ্ধে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধান পরিবর্তন, বিবাহ-বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব ও সম্পদে সমঅধিকার নিশ্চিত করতে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, নারী ও শিশু নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে পৃথক দুটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ে রূপান্তর করা।
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, সাইবার সহিংসতা প্রতিরোধে তরুণদের নিয়ে কর্মশালা, বাল্যবিবাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে অভিভাবক ও তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় সভা, সমাবেশ ও র্যালি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহসভাপতি প্রফেসর অর্চনা অধিকারী, রত্না মিত্র, সুমিত্রা বেসরা, সাধারণ সম্পাদক রুবিনা আকতার, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে ও সদস্য শিবানী উড়াও প্রমুখ।
সংবাদ সম্মেলনের শেষে নারী নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন দুর্গ হিসেবে গড়ে তুলতে অভিভাবক, ছাত্রসমাজসহ সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন