পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়া পৌরসভার জামেয়া আল ইসলামিয়া পটিয়ার ৮৭তম ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৬ ও ২৭ নভেম্বর। সম্মেলন ঘিরে ইতিমধ্যে মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ মুফতী আজিজুল হকের মাজার
প্রতিষ্ঠাতা আল্লামা শাহ মুফতী আজিজুল হক (রহ.)-এর স্মৃতিবিজড়িত মাদ্রাসা প্রাঙ্গণ।

জামেয়া আল ইসলামিয়া পটিয়া, যা পটিয়া মাদ্রাসা নামে পরিচিত, উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৩৮ সালে প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব আল্লামা শাহ মুফতী আজিজুল হক (রহ.)-এর হাত ধরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা, জ্ঞান ও আদর্শের প্রসারে ভূমিকা রেখে আসছে।

দ্বীনি শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ন্যায্য আন্দোলনেও এ প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। বর্তমানে ইবতেদায়ি থেকে দাওরায়ে হাদিসসহ বিভিন্ন স্তরে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এখানে ইসলামী শিক্ষা গ্রহণ করছেন।

পটিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণের প্রস্তুতি
সম্মেলন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

মাদ্রাসা প্রাঙ্গণের এক পাশে শায়িত আছেন প্রতিষ্ঠাতা আল্লামা শাহ মুফতী আজিজুল হক (রহ.)সহ বহু বুজুর্গানে দ্বীন। তাঁদের স্মৃতিধন্য এই প্রাঙ্গণে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জিয়ারত ও সম্মেলনে অংশ নিতে মাদ্রাসায় সমবেত হন প্রাক্তন শিক্ষার্থী, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এবারের সম্মেলন উপলক্ষে আগত অতিথিদের জন্য প্রয়োজনীয় মেহমানদারি ও সার্বিক ব্যবস্থাপনা প্রস্তুত করা হয়েছে। দুই দিনব্যাপী আয়োজনে দেশ-বিদেশের আলেম-ওলামা, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

ঐতিহ্যবাহী এ দ্বীনি প্রতিষ্ঠান ও ইসলামী মহাসম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাদ্রাসার প্রধান মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদী।