চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (CME) সেশন অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তীতে আলোচনা সভায় বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। মানসিক রোগ কোনো কুসংস্কার বা লজ্জার বিষয় নয়। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে অধিকাংশ মানসিক রোগই নিরাময়যোগ্য।

মানসিক স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা
মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করা হয়।

একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে মেডিকেল এডুকেশন ইউনিট (MEU) এর উদ্যোগে ও সাইকিয়াট্রি বিভাগের আয়োজনে লেকচার হল-০১ এ "Stress Unplugged: Decoding the Mind-Body Connection" শীর্ষক CME সেশন অনুষ্ঠিত হয়।

CME সেশনে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের অধ্যক্ষ ও MEU-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. অরূপ দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহা: শেখ শহিদ উল্লাহ।

সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সুরজিৎ রায় চৌধুরী।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অলভিন সাহা, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মানিক চন্দ্র নাথ এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. উজ্জ্বল কান্তি দাস।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিজিওলজি বিভাগের লেকচারার ডা. পুলক বিশ্বাস।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মানসিক চাপ কিভাবে শরীর ও মনের উপর প্রভাব ফেলে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্ট্রেস ম্যানেজমেন্টের উপর গুরুত্বারোপ করেন।