চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে কলেজ গেইট টু বরকল সড়কে বান্দরবানের জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর বাড়ির সামনে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় আবির নামে এক যুবক তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। আহত ব্যক্তির পায়ে গুরুতর জখম ও প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় সার্বিক সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আজম খান।

তিনি বলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর নির্দেশনায় আহত ব্যক্তির সকল চিকিৎসা ব্যয় ও সার্বিক দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। চিকিৎসায় কোনো প্রকার ত্রুটি রাখা হবে না। একইসাথে মানবিক কাজের জন্য উদ্ধারকারী যুবক আবিরকে তিনি ধন্যবাদ জানান।

আহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের নাম-পরিচয় বলতে পারছেন না। তার পরিবারের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ চিনে থাকলে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।