সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের প্রথম পোস্টার ঘিরে সমালোচনার মুখে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তাঁর মতে, পোস্টার নিয়ে বিতর্ক থেকে শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আরও সময় ও যত্ন দেওয়ার প্রয়োজনীয়তা তাঁরা বুঝতে পেরেছেন।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে নির্মিত হচ্ছে ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’। চলতি বছরের ৮ জুলাই সৌরভের জন্মদিনে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। তবে পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এবং যথেষ্ট যত্ন নিয়ে করা হয়নি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান সৌরভের চরিত্রে অভিনয় করা রাজকুমার রাও। তিনি বলেন, পোস্টার তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন। তাঁর মতে, কোনো কাজ নিয়ে অযথা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। বরং সময় নিয়ে যত্নসহকারে কাজটি সম্পন্ন করা উচিত।
রাজকুমার আরও বলেন, এই ঘটনা থেকে পুরো দলই শিক্ষা পেয়েছে। পাশাপাশি তাঁরা উপলব্ধি করেছেন, সৌরভ গাঙ্গুলীর ভক্তের সংখ্যা কতটা বিশাল। তাই তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত পর্দায় তুলে ধরার ক্ষেত্রে দর্শক ও অনুরাগীদের প্রত্যাশার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ছবির প্রথম পোস্টারে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের স্মরণীয় একটি মুহূর্ত পুনর্নির্মাণ করেন রাজকুমার রাও। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর জার্সি হাতে সৌরভের ঐতিহাসিক উদ্যাপনের দৃশ্যটি পোস্টারে তুলে ধরা হয়েছিল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঘটনাটি আজও আলোচিত।
বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে ভারতের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন