অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুজনই ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন। ব্যাটারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে জায়গা করে নিয়েছেন সোবহানা। একই ব্যবধানে উন্নতি করে যৌথভাবে ২৪ নম্বরে উঠেছেন অধিনায়ক জ্যোতি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেন সোবহানা। ১৩৪ বলে ১১৮ রান করে বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়েন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে এটিই প্রথম সেঞ্চুরি। তাঁর এই ইনিংস বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে।
সেই ম্যাচে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন সোবহানা। নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। জ্যোতি অপরাজিত থাকেন ৭৪ রানে। দুজনের ব্যাটিং নৈপুণ্যই র্যাঙ্কিংয়ে উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ডও রেটিং পয়েন্টে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তিনি করেন ৭৭ ও ৭০ রান। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭২৭। ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থান ধরে রেখেছেন তিনি। তৃতীয় স্থানে থাকা বেথ মুনি ও হেইলি ম্যাথুসের সঙ্গে তাঁর ব্যবধান মাত্র চার পয়েন্ট।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ২২১ রান তাড়া করতে নেমে ১৩১ বল হাতে রেখে নয় উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। দলের জয়ে বড় অবদান রাখেন জর্জিয়া ভল। অপরাজিত ১৩১ রান করে নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সে আট ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২৮ নম্বরে উঠেছেন ভল।
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার এলিসে পেরিও র্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরেছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে অপরাজিত ২৬ ও ১৯ রান করে দুই ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলাদেশের রিতু মণিও উন্নতি করেছেন। প্রথম ওয়ানডেতে ৬৩ বলে ৪৫ রান করে ১০ ধাপ এগিয়ে ৭৮ নম্বরে উঠেছেন এই বাংলাদেশি ব্যাটার।
বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার মেগান শাটের উন্নতি হয়েছে দুই ধাপ। প্রথম ওয়ানডেতে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে চার উইকেট শিকার করেন তিনি। বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন শাট। তাঁর ঠিক ওপরে চতুর্থ স্থানে আছেন সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড, যিনি প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়েছিলেন।
এদিকে নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩৯ বলে অপরাজিত ৬৪ রান করার পাশাপাশি আট রানে দুই উইকেট নেন তিনি। তাঁর নৈপুণ্যে আট উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এবং তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে জিম্বাবুয়েকে।
এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে যৌথভাবে ৪০ নম্বরে উঠেছেন টেলর। অলরাউন্ডারদের তালিকায় তাঁর উন্নতি ২৯ ধাপ, বর্তমানে অবস্থান ৩৯তম। জিম্বাবুয়ের কেলিস এনধলোভু পাঁচ ধাপ এগিয়ে ৬৭ নম্বরে এবং বেলাভড বিজা ছয় ধাপ এগিয়ে ৯৬ নম্বরে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে ৪৫ নম্বরে রয়েছেন বিজা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন