সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ব্যাট ও বল হাতে কার্যকর পারফরম্যান্স করে জাফনা কিংসের ২১ রানের গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
জাফনার ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ১৬ বলে একটি চার ও একটি ছক্কার সাহায্যে অপরাজিত ২২ রান করেন। একই ম্যাচে বাংলাদেশের আরেক ক্রিকেটার তাওহীদ হৃদয়ও ২১ রান যোগ করেন। কামিল মিশারার ৪৯ এবং চামিন্দু বিক্রমাসিংহের ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে জাফনা কিংস ৬ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল ক্যান্ডি রয়্যালস। তবে সাকিব আল হাসান বল হাতে আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রথমে ৩০ রান করা লাহিরু ইগালাগামাগেকে বোল্ড করেন। এরপর একইভাবে ফেরান কুশল পেরেরাকে। পরে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও আউট করে প্রতিপক্ষের জয়ের আশা প্রায় শেষ করে দেন।
চার ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। চলতি আসরে এটি তার সেরা বোলিং পারফরম্যান্স। এই তিন উইকেটের মাধ্যমে টুর্নামেন্টে তার মোট উইকেটসংখ্যা দাঁড়ায় ৮। শেষ পর্যন্ত ২০০ রানে অলআউট হয় ক্যান্ডি রয়্যালস এবং ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাফনা কিংস।
অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচজুড়ে ছিলেন আলোচনায় সাকিব আল হাসান। ব্যাটে গুরুত্বপূর্ণ রান এবং বল হাতে তিন উইকেট নিয়ে তিনি আবারও দলের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। এই পারফরম্যান্স লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দিয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন