পটুয়াখালী নিখোঁজ স্কুলছাত্রী চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি এখনো। রোববার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন থেকে তারা নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়েছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ চার কিশোরীর মধ্যে সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে সানজিদা আক্তার রায়সা (১৩)। আর আয়শা আক্তার (১৫) অন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী সেদিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল না। পরে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তারা বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। সহপাঠীদের কাছে খোঁজ নিয়েও তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিদ্যালয় ও পরে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করা হয়। কোথাও তাদের সন্ধান না পাওয়ায় রাত ১২টার দিকে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৮) করা হয়।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, নিখোঁজ শিক্ষার্থীদের কাছে কোনো মুঠোফোন নেই। তাই তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তবে বাস ও লঞ্চসহ বিভিন্ন যাতায়াতের মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে পটুয়াখালী নিখোঁজ স্কুলছাত্রীদের সন্ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন