শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ সেশনজট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই ভোগান্তি থেকে মুক্তি দিতে ২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামানোর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে এ লক্ষ্য অর্জন সম্ভব হলে সেশনজট একসময় জাদুঘরে চলে যাবে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। আগামী শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সংবাদ সম্মেলনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির তথ্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে দুই থেকে তিন বছরেরও বেশি সেশনজট ছিল। প্রশাসনের দাবি, ইতিমধ্যে সেই জট এক বছর কমিয়ে আনা সম্ভব হয়েছে।

সেশনজট কমানোর ধারাবাহিকতা বজায় রাখতে একাডেমিক ক্যালেন্ডার মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো, উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া আধুনিক করা এবং প্রশাসনিক পর্যায়ে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, এসব পদক্ষেপের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনা হবে। এতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষা ও ফল প্রকাশের পথ সহজ হবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও সাংবাদিকদের অবহিত করেন উপাচার্য।