মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় দেশটিতে বসবাস ও কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন করণীয় এবং বর্জনীয় বিষয়ে সতর্ক করা হয়।
১. আইন মেনে চলা: মালয়েশিয়ার প্রচলিত আইন, কর্মস্থলের নিয়ম, সাইবার আইন এবং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার পরামর্শ দিয়েছে হাইকমিশন। চাকরি বা কর্মস্থলের ছবি-ভিডিও প্রকাশের আগে প্রতিষ্ঠানের নীতিমালা দেখার কথাও বলা হয়েছে।
২. অনলাইনে সতর্কতা: অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক লিংক, ফাইল বা বার্তায় সাড়া না দেওয়া এবং ফিশিং ও অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
৩. যা এড়িয়ে চলতে হবে: উগ্রবাদ, নিষিদ্ধ সংগঠন, গুজব, ভুয়া তথ্য কিংবা বিদ্বেষমূলক কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক পোস্টও এড়িয়ে চলতে বলা হয়েছে।
৪. ব্যক্তিগত তথ্য সুরক্ষা: পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত নথি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দর, বন্দর, সরকারি বা নিরাপত্তাসংক্রান্ত স্থাপনার ছবি-ভিডিও প্রকাশেও সতর্ক করা হয়েছে।
৫. প্রতারণা থেকে সাবধান: ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় না জড়ানোর আহ্বান জানিয়েছে হাইকমিশন। যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা অনলাইন তহবিলে অর্থ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ থাকা ও স্থানীয় আইন মেনে চলার বিষয়টিকেই বার্তায় গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নিয়োগপ্রক্রিয়া, বৈধ কাগজপত্র এবং অনলাইন কার্যক্রমে সতর্ক থাকলে প্রতারণা ও আইনি জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন