ফিফার সভাপতি পদে আবারও জিয়ান্নি ইনফান্তিনোর নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। আগামী বছরের মার্চে সংস্থাটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরেক মেয়াদে দায়িত্ব পাওয়ার পথে রয়েছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ঘনিয়ে এলেও এখন পর্যন্ত তাঁর বিপক্ষে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী নিশ্চিত হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আর ৭২ ঘণ্টারও কম বাকি। আগামী বুধবার, ১৮ নভেম্বর, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না এলে ২০২৭ সালের মার্চে নতুন মেয়াদে দায়িত্ব পেতে পারেন ইনফান্তিনো।

গত গ্রীষ্মে বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের একাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ফিফা সভাপতি। তবে সেই বিতর্ক তাঁর পুনর্নির্বাচনের সম্ভাবনায় বড় কোনো প্রভাব ফেলেনি। এখন পর্যন্ত নির্বাচনে তাঁর বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার মতো কোনো প্রার্থীও সামনে আসেননি।

ইনফান্তিনোর সম্ভাব্য একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক ফুটবলার কোজো তাশিমা। তবে নির্বাচনে অংশ নিতে হলে তাঁকে ইউরোপের কয়েকটি ফুটবল ফেডারেশনের সমর্থন আদায় করতে হবে। ফিফার নিয়ম অনুযায়ী, সভাপতি পদে প্রার্থী হতে অন্তত পাঁচটি সদস্যসংস্থার মনোনয়ন প্রয়োজন।

এর আগে ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আরও কয়েকজনের নাম আলোচনায় এসেছিল। তাঁদের মধ্যে ছিলেন সুইজারল্যান্ড ও টটেনহামের সাবেক ফুটবলার রামন ভেগা এবং ফ্রান্সের সাবেক খেলোয়াড় ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে তাঁদের কেউই শেষ পর্যন্ত নির্বাচনে লড়ার বিষয়ে আগ্রহ দেখাননি।

ইনফান্তিনোর বিরোধীদের কাছে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিলেন ওয়েঙ্গার। বিশ্বজুড়ে পরিচিতি, ফুটবল সম্পর্কে গভীর জ্ঞান এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাঁকে উপযুক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল। ইউরোপীয় হলেও ইউয়েফার সঙ্গে তাঁর সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। আফ্রিকা ও এশিয়াতেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।

এ ছাড়া ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের পরিচালক হিসেবে বিশ্বের ২১১টি সদস্যসংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়েঙ্গারের। সব মিলিয়ে তাঁকে ইনফান্তিনোর বিপক্ষে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে দেখেছিলেন বিরোধীরা। তবে শেষ পর্যন্ত তিনি সভাপতি পদে লড়ার বিষয়টি বিবেচনা করেননি।

মনোনয়ন জমার সময়সীমা শেষ হওয়ার পর ইনফান্তিনো ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর পুনর্নির্বাচনের পথ খুলে যাবে। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিশ্চিত করতে আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

অন্যদিকে, কোজো তাশিমা শেষ পর্যন্ত প্রার্থী হলে নির্বাচনে ভোটাভুটি হবে। সে ক্ষেত্রে জয়ী হতে প্রয়োজন হবে ১০৬টি সদস্যসংস্থার সমর্থন। তবে বর্তমান পরিস্থিতিতে ইনফান্তিনোই রয়েছেন সুবিধাজনক অবস্থানে। ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের মধ্যে তিনটির সমর্থন ইতিমধ্যে তাঁর পক্ষে রয়েছে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) জানিয়েছে, ইনফান্তিনোর প্রশাসনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। এই কনফেডারেশনের সদস্য ৫৪টি দেশ। এ ছাড়া ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের ১১টি এবং দক্ষিণ আমেরিকার কনফেডারেশন কনমেবলের ১০টি দেশও তাঁর পক্ষে রয়েছে।

তবে ইনফান্তিনোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ইউরোপীয় ফুটবল সংস্থা ইউয়েফা। ৫৫টি সদস্যদেশ নিয়ে গঠিত এই সংস্থা তাঁর বিপক্ষে সবচেয়ে সরব অবস্থানে রয়েছে। অন্যদিকে, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফের ৪১টি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ৪৭টি সদস্যদেশের অবস্থান এখনো পরিষ্কার নয়।

শুরুতে ইনফান্তিনোর আরেক মেয়াদে দায়িত্ব নেওয়ার বিরোধিতা করেছিল কনকাকাফ। ফলে এসব অঞ্চলের ভোট শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হবে, ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথে কোনো বাধা তৈরি হয় কি না।