আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেই বাংলাদেশেও অনুপাতিক হারে তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে এক প্রতিবাদ সভায় তিনি এ আশ্বাস দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। তবে বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এর প্রভাব পড়বে। জনগণের ওপর বাড়তি চাপ তৈরি না করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

শনিবার বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে সরকারের গত সাত মাসের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার ব্যাপক জনআকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে। সরকার রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার এবং গণতন্ত্রকে আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করছে। এ সময়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মাথায় একটি রাজনৈতিক গোষ্ঠী সরকার পতনের এক দফা কর্মসূচি এবং লংমার্চের মতো কর্মসূচির হুংকার দিচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্বে এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে দেশের বাজারেও তেলের দাম সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়। তবে জনগণের দুর্ভোগ যাতে কম হয়, সেদিকে সরকার বিশেষভাবে নজর দিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথম এক মাস জ্বালানি তেলের দাম বাড়াননি। কিন্তু সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের সামঞ্জস্য রাখার জন্য সর্বনিম্ন পরিমাণে মূল্য সমন্বয় করতে হয়েছে।

সাময়িক এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনগণের কষ্টের বিষয়টি বুঝতে পারছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও অনুপাতিক হারে দাম কমিয়ে আনা হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিই মূল্য সমন্বয়ের অন্যতম ভিত্তি হবে।

বক্তব্যের শেষ দিকে দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজপথে রক্ত দিয়ে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।