দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে একই দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার নির্বাহী সভাপতি কাজী মো. জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মো. হামিদুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. নুর আলমসহ অন্যান্য নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কাজী মো. ফয়জার রহমান, সহসভাপতি কাজী মো. মতিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মো. আব্দুল ওয়াদুদসহ জেলার ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা।

নিকাহ রেজিস্ট্রারদের ১০ দফা দাবি
নিকাহ রেজিস্ট্রারদের ১০ দফা দাবি

বক্তারা বলেন, বর্তমানে দেশে পাঁচ হাজারের বেশি মুসলিম নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে প্রায় চার হাজার বিএনপি সরকারের তিন মেয়াদের বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত। একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে মাত্র ৫ থেকে ৭টি বিয়ে নিবন্ধন করতে পারেন। সীমিত আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

তাঁরা অবিলম্বে নিকাহ রেজিস্ট্রারদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে-নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর নির্ধারণ, বর-কনের বিয়ের বয়স নির্ধারণ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি বন্ধ, নিজ খরচে অফিস সহকারী নিয়োগের অনুমতি, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি, বাল্যবিবাহ বন্ধে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পাদন বন্ধ, বিয়ের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা বন্ধ এবং অনলাইনে বিবাহ ও তালাকনামা সত্যায়নের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট অনুযায়ী নাম-ঠিকানা সংশোধনের বিধান প্রণয়ন।