চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণা এবং জেলা হাসপাতালে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
চেম্বার ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গুতে চেম্বারের সদস্য ওবাইদুল আজিম রিংকুসহ অনেকের মৃত্যু হয়েছে। শহরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা মশার প্রজননস্থল তৈরি করছে। উন্নয়নকাজের জন্য খনন করা খালও যথাযথভাবে পরিষ্কার করা হচ্ছে না।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল পাঠানো, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন, খাল ও নর্দমা পরিষ্কার এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান আব্দুল ওয়াহেদ। তাঁর মতে, এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, আক্রান্তদের অনেকে বাড়িতে কিংবা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ কেউ উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে চলে যাচ্ছেন। ফলে ডেঙ্গুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রতিফলিত হচ্ছে না বলে তিনি মনে করেন।
আব্দুল ওয়াহেদ বলেন, ডেঙ্গু জ্বর মহামারি আকার ধারণ করার আগেই সবাইকে সহযোগিতার মাধ্যমে প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে। এই সংকটের সময়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে সর্বোচ্চ ছাড় নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। পাশাপাশি ডেঙ্গু রোগীদের পথ্য হিসেবে ব্যবহৃত ডাব, পেঁপে, মালটাসহ বিভিন্ন ফলমূল সামান্য লাভে বিক্রি করতে ব্যবসায়ীদের অনুরোধ করেন।
সংবাদ সম্মেলন থেকে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্য ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন