চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে চন্দনাইশ উপজেলায় তীব্র বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে চন্দনাইশ বিদ্যুৎ উপকেন্দ্রে সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে উপজেলার প্রায় ৭৮ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন এবং বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিস সূত্রে জানা গেছে, ভোরে ৩৩ কেভি সঞ্চালন লাইন ফল্ট করার কারণে বিদ্যুৎ সরবরাহ ট্রিপ করে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মীরা লাইন পরিদর্শন করতে গিয়ে দেখেন, মহাসড়কের পাশে থাকা ৪০ ফুট উচ্চতার এসপিসি (SPC) পোলটি একটি ট্রাকের ধাক্কায় গোড়া থেকে ভেঙে গাড়ির সাথে আটকে রয়েছে। খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ৩৩ কেভি লাইনের সরবরাহ বন্ধ রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মুহাম্মদ আযম জানান, ক্ষতিগ্রস্ত ও ভাঙা খুঁটিটি দ্রুত প্রতিস্থাপনের জন্য ঠিকাদারকে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে পটিয়া থেকে নতুন খুঁটি এনে মেরামতের কাজ পুরোদমে চলছে।
তিনি আরও জানান, নতুন খুঁটি বসিয়ে সঞ্চালন লাইন সচল করতে আনুমানিক বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। তবে চেষ্টা চলছে বিকালের আগেই যেন কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়। এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন