চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ - সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর নেতৃত্বে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে গাছবাড়িয়া খাঁনহাটে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা
চন্দনাইশের গাছবাড়িয়া খাঁনহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনজুর আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

এ সময় এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, দেশে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা মোকাবিলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।