চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযানে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল জব্দ ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ পৌরসভা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভা সদর বাজারের শাহজালাল বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করে আসছিল। অভিযানে গিয়ে দেখা যায়, বেকারিতে খাদ্যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমোনিয়া, নিষিদ্ধ ঘোষিত কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রায় ১৬ হাজার টাকা মূল্যের ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

অভিযানে আরও প্রমাণিত হয়, বেকারিটি আবাসিক মিটারের বিদ্যুৎ অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করছিল। এ অপরাধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অন্যদিকে একই অভিযানে চন্দনাইশ বাজারের প্রধান সড়কের দুই পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে বাজারে যানজট অনেকটা কমে আসে এবং পথচারীদের চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পাশাপাশি জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।"

অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।