অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের এই হোঁচটের সুযোগে ইতিহাস গড়ে র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো। এর মাধ্যমে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

ফিফার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করে ২.০২ রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। এতে তাদের মোট পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮০২.৯০। ফলে র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর থেকে এক ধাপ নেমে ছয় নম্বরে চলে গেছে ব্রাজিল।

ব্রাজিলের জায়গাটি দখল করেছে মরক্কো। বর্তমানে ‘অ্যাটলাস লায়নদের’ পয়েন্ট ১৮০৩.৯৯। ফলে ব্রাজিলের চেয়ে ১.০৯ পয়েন্ট এগিয়ে থেকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে আফ্রিকার দলটি।

মরক্কোর এই অবস্থান অবশ্য এখনো চূড়ান্ত নয়। ঘরের মাঠে গ্যাবনের বিপক্ষে জয় পেলে পাঁচ নম্বর অবস্থান আরও শক্ত করতে পারবে তারা। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের পর মরক্কোর প্রথম আন্তর্জাতিক ম্যাচও হতে যাচ্ছে।

এই অর্জনের মাধ্যমে আফ্রিকার সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের দল হওয়ার রেকর্ডে নাইজেরিয়ার পাশে বসেছে মরক্কো। ১৯৯৪ সালে নাইজেরিয়া প্রথম আফ্রিকান দল হিসেবে ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠেছিল। সে বছর আফ্রিকা কাপ অব নেশনস জয়ের পাশাপাশি বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছিল তারা।

অন্যদিকে, ব্রাজিলের বিপক্ষে ড্র করে র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। ম্যাচ থেকে পাওয়া ২.০২ পয়েন্টের ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৫৮৩.৫৩। এর মাধ্যমে র‍্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া, এশিয়ার দলগুলোর মধ্যে তাদের অবস্থান এখন তৃতীয়।

তবে আন্তর্জাতিক বিরতির এই র‍্যাঙ্কিং এখনো চূড়ান্ত নয়। চলমান আন্তর্জাতিক ম্যাচগুলো শেষ হওয়ার পর হিসাব পরিবর্তন হতে পারে। আগামী ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফিফা র‍্যাঙ্কিং প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।