ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে শুরু থেকেই দেখা গেল আক্রমণাত্মক ফুটবল। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রথমার্ধেই দুই দল মিলে করেছে চার গোল।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। গ্যাব্রিয়েল বোন্তেম্পোর পাস পেয়ে বক্সের ডান দিক থেকে শক্তিশালী শটে বল জালে পাঠান ভ্যান্ডারসন।
এরপর দ্রুত ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ব্রাজিল। রাফিনহার পরপর দুটি প্রচেষ্টা অবশ্য আটকে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। পরে ম্যাচের ২৮তম মিনিটে কর্নার থেকে গোল করে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। গোলটি করেন আলেসান্দ্রো চিরকাতি।
পাঁচ মিনিট পরই ম্যাচের চিত্র বদলে যায়। চিরকাতির পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কনোর মেটক্যাফ।
পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র ও জাইর কুনহার প্রচেষ্টা আটকে দেয় অস্ট্রেলিয়ার রক্ষণ। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ড্যানিলোকে ফাউল করা হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্রাজিলকে আবার সমতায় ফেরান রাফিনহা। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। পরে দ্বিতীয়ার্ধে ব্রুনো গিমারায়েস ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে নেয় ব্রাজিল।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন