হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যতালিকায় বাদাম রাখা উপকারী হতে পারে। তবে আখরোট ও কাজুবাদামের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতায় কিছু পার্থক্য রয়েছে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ। অন্যদিকে, তুলনামূলক কম ক্যালরি ও বেশি প্রোটিনের কারণে ওজন নিয়ন্ত্রণের পরিকল্পনায় কাজুবাদাম ভালো বিকল্প হতে পারে। তবে হৃদ্‌যন্ত্রের সুস্থতায় দুই ধরনের বাদামই ভূমিকা রাখতে পারে।

মস্তিষ্কের স্বাস্থ্যে আখরোট

আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ)। এটি উদ্ভিজ্জ খাবারে পাওয়া এক ধরনের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। প্রতি এক আউন্স বা ২৮ গ্রাম আখরোটে প্রায় ২ দশমিক ৫৭ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত আখরোট খাওয়ার সঙ্গে স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার দক্ষতা ভালো থাকার সম্পর্ক রয়েছে। বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকির সঙ্গেও এর সম্পর্ক নিয়ে গবেষণা হয়েছে। তবে আখরোট খেলেই স্মৃতিশক্তি বাড়বে, এমন নিশ্চয়তা নেই।

আখরোটে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে। শরীরে ক্ষতিকর অণু ও অ্যান্টি-অক্সিডেন্টের মধ্যে ভারসাম্য নষ্ট হলে কোষ, প্রোটিন ও ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

হৃদ্‌যন্ত্রের জন্য কোনটি ভালো?

আখরোট ও কাজুবাদাম দুটিতেই অসম্পৃক্ত চর্বি রয়েছে। স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে এ ধরনের চর্বি গ্রহণ করলে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে। তবে দুই বাদামের চর্বির ধরনে পার্থক্য রয়েছে।

আখরোটে পলি-আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। অন্যদিকে, কাজুবাদামে রয়েছে প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান। কিছু গবেষণায় কাজুবাদাম খাওয়ার সঙ্গে রক্তচাপ ও রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।

ওজন নিয়ন্ত্রণে কাজুবাদাম কি এগিয়ে?

একই পরিমাণ আখরোটের তুলনায় কাজুবাদামে ক্যালরি ও চর্বি কম এবং প্রোটিন সামান্য বেশি। প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এ কারণে ওজন নিয়ন্ত্রণের পরিকল্পনায় কাজুবাদাম ভালো বিকল্প হতে পারে।

তবে শুধু কাজুবাদাম খেলেই ওজন কমবে, এমন নয়। কারণ, কাজুবাদাম ও আখরোট দুটিতেই ক্যালরি রয়েছে। তাই নিয়মিত বাদাম খাওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। বাদাম খেলে অন্য খাবার খাওয়ার আগ্রহ কিছুটা কমতে পারে।

কাজুবাদামের আরও পুষ্টিগুণ

কাজুবাদামে কপার, ম্যাগনেশিয়াম, আয়রন ও জিঙ্কের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। কপার শরীরে শক্তি উৎপাদন, স্নায়ুতন্ত্রের কার্যক্রম এবং রোগ প্রতিরোধব্যবস্থায় ভূমিকা রাখে। অন্যদিকে, পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ।

তাহলে কোন বাদাম খাবেন?

মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পেতে চাইলে আখরোট বেছে নিতে পারেন। তুলনামূলক কম ক্যালরি ও বেশি প্রোটিনের জন্য কাজুবাদামও ভালো পছন্দ হতে পারে। তবে হৃদ্‌যন্ত্রের সুস্থতায় দুটিই সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে।

পুষ্টিবিষয়ক পরামর্শ হলো, লবণ বা চিনি মেশানো বাদামের পরিবর্তে লবণবিহীন বাদাম বেছে নেওয়া। পাশাপাশি পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। শুধু এক ধরনের বাদাম খাওয়ার প্রয়োজন নেই; পরিমিত পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম খেলে নানা পুষ্টি উপাদান পাওয়া সম্ভব।