টেস্টোস্টেরনকে সাধারণত পুরুষের হরমোন হিসেবে বিবেচনা করা হয়। তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। নারীর শরীরেও স্বাভাবিকভাবে এই হরমোন তৈরি হয়। যৌনস্বাস্থ্য, হাড়ের ঘনত্ব ও পেশির সুস্থতা বজায় রাখতে এর ভূমিকা রয়েছে। তবে পুরুষের তুলনায় নারীদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা অনেক কম থাকে।

নারীদের শরীরে এই হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে যেমন কিছু শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে, তেমনি মাত্রা কম থাকলেও নানা উপসর্গ নিয়ে প্রশ্ন তৈরি হয়। কেন নারীর শরীরে টেস্টোস্টেরন প্রয়োজন, কখন এর মাত্রা বাড়ে বা কমে এবং চিকিৎসার প্রয়োজন হয় কি না- জেনে নেওয়া যাক ছয়টি প্রশ্নের উত্তর।

১. নারীর শরীরে টেস্টোস্টেরন তৈরি হয় কোথায়?

নারীর শরীরে টেস্টোস্টেরন তৈরি হয় মূলত ডিম্বাশয় ও অ্যাড্রিনাল গ্রন্থিতে। এ ছাড়া শরীরের বিভিন্ন টিস্যুতে অন্য হরমোন থেকে অল্প পরিমাণে টেস্টোস্টেরন তৈরি হতে পারে।

পুরুষদের তুলনায় নারীদের শরীরে এই হরমোনের পরিমাণ কম হলেও এটি শরীরের স্বাভাবিক কার্যক্রমের অংশ। তাই টেস্টোস্টেরনকে শুধু পুরুষের হরমোন হিসেবে দেখা ঠিক নয়।

২. নারীর শরীরে টেস্টোস্টেরনের কাজ কী?

নারীদের শরীরে টেস্টোস্টেরন যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো বজায় রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি হাড়ের ঘনত্ব, পেশির ভর ও শক্তি ধরে রাখার ক্ষেত্রেও এর অবদান রয়েছে।

তবে যৌন আকাঙ্ক্ষা বা শারীরিক সক্ষমতা শুধু টেস্টোস্টেরনের ওপর নির্ভর করে না। ইস্ট্রোজেনসহ অন্যান্য হরমোন, শারীরিক অবস্থা, মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রারও প্রভাব রয়েছে।

৩. নারীদের টেস্টোস্টেরন বেড়ে গেলে কী হয়?

রক্তে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে নারীদের শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। যেমন মাসিক অনিয়মিত হওয়া, ডিম্বস্ফোটনে সমস্যা, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোম গজানো, ব্রণ এবং মাথার চুল পাতলা হয়ে যাওয়া।

কিছু ক্ষেত্রে কণ্ঠস্বর ভারী হওয়া বা অন্যান্য পুরুষালি বৈশিষ্ট্যও দেখা দিতে পারে। বিশেষ করে অল্প সময়ে এসব পরিবর্তন দ্রুত বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে সাধারণ কারণের পাশাপাশি বিরল কিছু রোগও থাকতে পারে।

৪. নারীদের টেস্টোস্টেরন কেন বেড়ে যায়?

নারীদের শরীরে টেস্টোস্টেরন বেড়ে যাওয়ার সবচেয়ে পরিচিত কারণগুলোর একটি হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS)। এ অবস্থায় হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। অনিয়মিত মাসিক, ডিম্বস্ফোটনের সমস্যা, ব্রণ ও অতিরিক্ত লোম গজানো এর সঙ্গে সম্পর্কিত।

তবে শুধু ওজন বেড়ে যাওয়াই পিসিওএসের কারণ নয়। জিনগত, হরমোনজনিত ও বিপাকীয় বিভিন্ন বিষয় এতে ভূমিকা রাখে। অতিরিক্ত ওজন থাকলে কিছু ক্ষেত্রে উপসর্গ আরও বাড়তে পারে।

এ ছাড়া টেস্টোস্টেরন বেড়ে যাওয়ার অন্যান্য কারণের মধ্যে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি বা ডিম্বাশয়ের টিউমার, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, কুশিং সিনড্রোম এবং কিছু ওষুধের প্রভাব। তাই হরমোনের মাত্রা বেড়ে গেলে নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের মাধ্যমে কারণ নির্ণয় করা প্রয়োজন।

৫. নারীর শরীরে টেস্টোস্টেরন কমে গেলে কী হয়?

নারীদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলেও তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে ক্লান্তি, মুডের পরিবর্তন, উদ্বেগ, ঘুমের সমস্যা কিংবা পেশির দুর্বলতার মতো উপসর্গের পেছনে আরও অনেক কারণ থাকতে পারে।

এ কারণে শুধু এসব লক্ষণ দেখে টেস্টোস্টেরনের ঘাটতি নির্ণয় করা যায় না। সুস্থ নারীদের ক্ষেত্রে কম টেস্টোস্টেরনকে আলাদা কোনো রোগ হিসেবে চিহ্নিত করার মতো নির্দিষ্ট লক্ষণ বা পরীক্ষার মানদণ্ডও প্রতিষ্ঠিত নয়।

৬. নারীদের টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণ কী এবং চিকিৎসা প্রয়োজন হয় কি?

বয়স বাড়ার সঙ্গে নারীদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা পরিবর্তিত হতে পারে। মেনোপজের পরও এই হরমোনের মাত্রায় পরিবর্তন দেখা যায়। এ ছাড়া দুই ডিম্বাশয় অপসারণের অস্ত্রোপচার, অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা, পিটুইটারি গ্রন্থির রোগ, কেমোথেরাপি বা রেডিওথেরাপির প্রভাবেও হরমোনের মাত্রা কমতে পারে।

তবে টেস্টোস্টেরন কম হলেই চিকিৎসা হিসেবে এই হরমোন গ্রহণ করতে হবে, এমন নয়। অধিকাংশ নারীর ক্ষেত্রে নিয়মিত টেস্টোস্টেরন থেরাপির প্রয়োজন হয় না। বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন মেনোপজ-পরবর্তী নারীদের নির্দিষ্ট ধরনের যৌন আকাঙ্ক্ষার সমস্যায় চিকিৎসক মূল্যায়নের পর সীমিত সময়ের জন্য থেরাপি বিবেচনা করতে পারেন।

ক্রীড়াক্ষেত্রে পেশির শক্তি বা কর্মক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে নিজে থেকে টেস্টোস্টেরন গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। এতে ব্রণ, অতিরিক্ত লোম গজানো, চুল পড়া, কণ্ঠস্বর ভারী হওয়াসহ নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই হরমোন গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন: নারীর শরীরে টেস্টোস্টেরন থাকা স্বাভাবিক এবং এটি সুস্থতার জন্য প্রয়োজনীয়। তবে হরমোনের মাত্রা বেশি বা কম- কোনোটিই শুধু উপসর্গ দেখে নিশ্চিত করা যায় না। প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শই এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।