অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠানো এবং কোনো ধরনের নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলে মহারাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। লোনাভালায় নিজের পরিবারের পুরোনো বাড়িতে এমন ঘটনা ঘটেছে দাবি করে তিনি বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানিশা অভিযোগ করেন, লোনাভালায় মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড গ্রাহকদের অতিরিক্ত পরিমাণের বিদ্যুৎ বিল দিচ্ছে। এরপর বিল পরিশোধে বাধ্য করতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে বিল পরিশোধের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তানিশা বলেন, লোনাভালায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন। তার ভাষ্য অনুযায়ী, বিপুল অঙ্কের বিল পাঠানোর পর গ্রাহকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। এমনকি কোনো ধরনের নোটিশ না দিয়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, তাদের পরিবারের পুরোনো বাড়িতেও অস্বাভাবিক অঙ্কের বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে। এরপর আগাম কোনো নোটিশ না দিয়েই ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেন তিনি।

তানিশা তার পোস্টে লোনাভালার পরিস্থিতি নিয়ে সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লিখেছেন, ‘দয়া করে লোনাভালায় আসুন। এখানে কোনো আইনকানুন নেই, সবাই নিজের ইচ্ছেমতো চলছে।’ বিদ্যুৎ বিল ও সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন অভিনেত্রী।

তানিশার অভিযোগের সঙ্গে জড়িয়ে থাকা লোনাভালার বাড়িটি তার পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িটি তার দিদিমা এবং প্রয়াত অভিনেত্রী শোভনা সমর্থের। এই বাড়ির সঙ্গে তানিশার মা অভিনেত্রী তনুজা এবং পরিবারের অন্য সদস্যদেরও দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে রয়েছে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লোনাভালার ওই বাড়ির বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন তানিশা। তখন তিনি জানিয়েছিলেন, বাড়িটির প্রতিটি দেয়াল ও কোণের সঙ্গে তাদের পরিবারের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। দিদিমা শোভনা সমর্থের স্মৃতিবিজড়িত বাড়িটিকে তাই বিশেষভাবে সংরক্ষণ করতে চান তিনি।

তানিশা আরও জানিয়েছিলেন, বাড়িটির পুরোনো কাঠামো ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তিনি। আধুনিক সাজে পুরোপুরি পরিবর্তন না করে বাড়িটিকে তার আদি রূপে রাখাই তার ইচ্ছা। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাটি তার কাছে শুধু একটি বিলসংক্রান্ত বিষয় নয়, পারিবারিক স্মৃতির সঙ্গেও জড়িত।

অভিনয়ে তানিশা মুখোপাধ্যায়ের যাত্রা শুরু হয় ২০০৩ সালে ‘শহশশ...’ সিনেমার মাধ্যমে। পরে ‘সরকার’ ও ‘সরকার রাজ’-এর মতো সিনেমায় অভিনয় করে বলিউডে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

হিন্দি সিনেমার পাশাপাশি তামিল ও তেলেগু ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন তানিশা। ২০১৩ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৭’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। ওই আসরে তিনি প্রথম রানার-আপ হন।

অভিনয়ের বাইরে পড়াশোনাতেও আগ্রহ ছিল তানিশার। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। লোনাভালার বাড়ি নিয়ে সাম্প্রতিক অভিযোগের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট নতুন করে আলোচনায় এসেছে।