শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং দেশের শিল্প খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৈরি পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে মালিকপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে একটি পক্ষ দেশে অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃত শ্রমিক ও তাঁদের সংগঠনের নেতারা কখনোই নিজেদের কর্মসংস্থান ধ্বংস কিংবা শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি চান না। শ্রমিকদের স্বার্থের বিপরীতে কাজ করে যারা দেশের অর্থনীতি ও শিল্প খাতের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সড়ক-মহাসড়কে আগুন জ্বালানো ও অবরোধ সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এসব ঘটনার পেছনে জড়িত ইন্ধনদাতা ও কয়েকজন শিল্প মালিককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। অডিও-ভিডিওসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, শ্রমিক সংগঠনগুলোর দাবি এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর ন্যূনতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, গত ৩১ অক্টোবর রাতে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম পাওয়ার পর ১ নভেম্বর সকালে শ্রম মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে মজুরি বোর্ড গঠন করেছে। খুব শিগগিরই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব, বিনিয়োগবান্ধব ও শ্রমিকবান্ধব। দেশের রপ্তানি বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কোনো শিল্পকারখানা যেন বন্ধ না থাকে এবং কোনো শ্রমিক যেন কর্মহীন হয়ে না পড়েন, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সকালে পোশাকশিল্প মালিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সংকট সমাধানে সোমবার বিকেলে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। তাঁদের বক্তব্য ও মতামত শোনার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।