রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম উদ্ভাবনী শিক্ষার্থী দল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের আগে শিক্ষার্থী দলের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত ধারণা দেন। প্রধানমন্ত্রী তাদের প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণামূলক কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের তৈরি বিশেষ রোবোটিক্স প্রকল্প উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী প্রকল্পটির কার্যক্রম, প্রযুক্তিগত দিক এবং সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। তরুণদের সৃজনশীল চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ড দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীরা জানান, তারা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগগুলোর মধ্যে অন্যতম, যা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হয়েছে। বর্তমানে প্রকল্পটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। পানির নিচে অনুসন্ধান, প্রযুক্তিগত গবেষণা এবং স্বয়ংক্রিয় রোবোটিক ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। তিনি তাদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সুনাম উজ্জ্বল করার জন্য শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, তরুণ উদ্ভাবকদের এমন উদ্যোগ বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। পরে প্রধানমন্ত্রী তাঁর রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের উপহার দেন। উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে রোবোসাব-২০২৬ আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিদেশ যাত্রার আগে শিক্ষার্থী দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করে। প্রধানমন্ত্রী নিজেও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন