প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের প্রেমের শুরু নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহ ছিল। অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটালেন নিক জোনাস। সম্প্রতি এক পডকাস্টে তিনি প্রিয়াঙ্কাকে পাঠানো প্রথম সরাসরি বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কাও। তাঁদের ভাষ্য অনুযায়ী, একটি সাধারণ বার্তাই পরে বিশ্বের অন্যতম আলোচিত তারকা দম্পতির প্রেমের সূচনা করে।
সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘হে জোনাস!’-এ অতিথি হয়ে নিজেদের সম্পর্কের শুরুর গল্প তুলে ধরেন এই দম্পতি। নিক জানান, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (তৎকালীন টুইটার) প্রিয়াঙ্কাকে প্রথম বার্তা পাঠান তিনি। সেই সময় তাঁর ভাই কেভিন জোনাস ‘কোয়ান্টিকো’ সিরিজ দেখার পর প্রিয়াঙ্কার অভিনয়ের কথা উল্লেখ করেছিলেন। পরে লস অ্যাঞ্জেলেসে একটি বিলবোর্ডে প্রিয়াঙ্কার ছবি দেখে তাঁর প্রতি আগ্রহ আরও বাড়ে।
নিক জোনাস বলেন, এক্সে গিয়ে তিনি প্রথমে দেখেন প্রিয়াঙ্কা তাঁকে অনুসরণ করছেন কি না। অনুসরণ করতে দেখেই তিনি একটি ব্যক্তিগত বার্তা পাঠান। সেই বার্তায় লেখা ছিল, ‘হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাঁদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’ এই বার্তাটিই তাঁদের প্রথম যোগাযোগের সূচনা হিসেবে ধরা হয়।
প্রিয়াঙ্কা চোপড়াও পডকাস্টে নিজের প্রতিক্রিয়ার কথা জানান। তিনি বলেন, নিকের বার্তার জবাবে তিনি লিখেছিলেন, ‘হাই... গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।’ পরে নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি সত্যিই প্রিয়াঙ্কার সঙ্গেই কথা বলছেন। তাই টাইমস্ট্যাম্পসহ ক্যামেরার দিকে তাকিয়ে থাকা একটি ছবি পাঠাতে অনুরোধ করেন। প্রিয়াঙ্কার ভাষায়, নিকের এই সতর্কতা ও বুদ্ধিমত্তা তাঁর ভালো লেগেছিল।
দুজন জানান, প্রথম বার্তার পর নিয়মিত টেক্সটের মাধ্যমে যোগাযোগ চলতে থাকে। প্রায় দেড় বছর পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কারস আফটার-পার্টিতে প্রথম মুখোমুখি দেখা হয়। এরপর ২০১৮ সালে গ্রিস সফরের সময় নিক বিয়ের প্রস্তাব দেন। একই বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিষ্টান—দুই ধর্মীয় রীতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
পডকাস্টে আরও একটি মজার তথ্য শেয়ার করেন এই তারকা দম্পতি। প্রিয়াঙ্কা জানান, বলিউডের গসিপ সম্পর্কে নিক অনেক সময় তাঁর চেয়েও বেশি খবর রাখেন। নিকও স্বীকার করেন, তিনি গোপনে কয়েকটি বিনোদনভিত্তিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করেন এবং নিয়মিত সেখানকার আপডেট দেখেন। বর্তমানে তাঁদের সংসারে রয়েছে কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাস। পরিবার ও কাজ—দুই ক্ষেত্রেই সুখের সময় পার করছেন এই জনপ্রিয় দম্পতি।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন