পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
লাশ দাফনের ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে মাত্র ৩০ হাজার টাকায় সমঝোতা করা হয়েছে দিনে দুপুরে বাসচাপায় প্রতিবন্ধী বৃদ্ধ নিহতের ঘটনায়। রোববার (১৫ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ভূমি অফিস সংলগ্ন এলাকায় সড়কের পাশে ঘুমন্ত অবস্থায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় একই দিন রাতে নিহতের ছেলে মো. ইকবাল বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার ৩৬ ঘন্টা পর সোমবার রাতে ঘাতক বাস চালক শাহাদাৎ হোসেন রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই বাস মালিক সমিতি, গাড়ির মালিকপক্ষ ও মামলার বাদীর প্রতিনিধিদের উপস্থিতিতে ৩০ হাজার টাকায় সমঝোতা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানা যায়নি। নিহত আবুল কালাম পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম রোববার বেলা ৩টার দিকে উপজেলা ভূমি অফিসসংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় 'খাজা গরিবে নেওয়াজ' পরিবহনের একটি চলন্ত বাস তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসচালককে আসামি করে নিহতের ছেলে বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন রাত ১১টায় পৌরসদরের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মামলার বাদী ও গাড়ির মালিকপক্ষের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, বাসচাপায় প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যুর পর নিহতের পরিবারকে প্রথমে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় বাস মালিক সমিতির প্রতিনিধি মো. এনাম, গাড়ির মালিকের প্রতিনিধি রফিক ড্রাইভার ও মামলার বাদী মো. ইকবালের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়। একপর্যায়ে উভয় পক্ষের দর-কষাকষির পর ৩০ হাজার টাকায় সমঝোতা হয়। লাশ দাফনের ২৪ ঘণ্টা পার না হতেই এমন সমঝোতার খবর প্রকাশ্যে আসায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পটিয়া রুটে কিছু চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
মামলার বাদী মো. ইকবাল সমঝোতার বিষয়টি স্বীকার করে বলেন, বাস মালিক সমিতি ও গাড়ির মালিকপক্ষের চাপে তিনি সমঝোতা করতে বাধ্য হয়েছেন। প্রথমে তাঁরা ২০ হাজার টাকা দিতে চেয়েছিলেন। পরে ৩০ হাজার টাকায় সমঝোতা চূড়ান্ত হয়।
বাস মালিকের প্রতিনিধি রফিক ড্রাইভার জানান, গাড়ির মালিক সাইফুল ইসলাম তাঁকে বাসটি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। রাসেল নামে একজন ঘটনার দিন বাসটি চালিয়েছিলেন। ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে পটিয়া থানা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে চট্টগ্রাম-কক্মবাজার মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাস চালক শাহাদাত হোসেন রাসেল(৩০) কে গ্রেপ্তার করেছে। রাসেল হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন ৫নং ওয়ার্ডের নুর মোহাম্মদ মাষ্টারের বাড়ির মুনছুর আলীর পুত্র।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, চলন্ত বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে মামলা দায়ের করার পর সোমবার রাতে ভেল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮ সনের ৯৮/১০৫
মোতাবেক আসামীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সমঝোতার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বাসটি জব্দের চেষ্টা চলছে বলে তিনি জানান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন