ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় ফরেন সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা নিধি তিওয়ারি। বিজ্ঞানী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে প্রশাসন ও কূটনীতিতে কাজ করার লক্ষ্য নিয়ে সিভিল সার্ভিসে যোগ দেন তিনি।
উত্তর প্রদেশের লখনউয়ে বেড়ে ওঠা নিধি তিওয়ারি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনায় ভালো ফলাফলের জন্য তিনি স্বর্ণপদকও পান।
শিক্ষাজীবন শেষে ভারতের পরমাণু গবেষণা প্রতিষ্ঠান ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে (বার্ক) বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন নিধি। তবে প্রশাসন ও নীতিনির্ধারণের ক্ষেত্রে কাজ করার আগ্রহ থেকে ২০০৮ সালে সেই চাকরি ছেড়ে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।
২০১২ সালের পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকলেও হাল ছাড়েননি তিনি। পরের বছর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় মেধাতালিকায় ৯৬তম স্থান অর্জন করেন। এরপর ২০১৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেন তিনি।
২০২২ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আন্ডার সেক্রেটারি হিসেবে যোগ দেন নিধি তিওয়ারি। পরে ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পিএমওতে থাকাকালে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন তিনি।
কূটনীতি, নিরাপত্তা ও প্রশাসনিক কাজে অভিজ্ঞতার কারণে ২০২৫ সালে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, প্রশাসনিক সমন্বয় এবং উচ্চপর্যায়ের সরকারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নিধি তিওয়ারি।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন