দেশের প্রশাসনিক কাঠামোয় নতুন সংযোজন হতে যাচ্ছে দুটি থানা ও দুটি পৌরসভা। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় প্রস্তাবগুলো অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন পৌরসভা হিসেবে যুক্ত হচ্ছে বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর। ফলে এসব এলাকার প্রশাসনিক ও স্থানীয় সরকার কাঠামোয় পরিবর্তন আসবে।
নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে ময়মনসিংহে। জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম বদলে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দিয়েছে নিকার।
অন্যদিকে, লক্ষ্মীপুরের সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তন করা হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজাকে নির্ধারণ করা হয়েছে।
একই ধরনের পরিবর্তন এসেছে কুমিল্লার বাঙ্গরা উপজেলায়। মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত এ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। নিকারের এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক সেবা ও স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন কাঠামো কার্যকর হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন