নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৭২টি সৌর প্যানেল স্থাপন করে ৪৫ কিলোওয়াট ক্ষমতার রুফটপ সোলার সিস্টেম চালু করা হয়েছে। অনগ্রিড ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসনের ফেসবুক পেজ ‘ডিসি কুড়িগ্রাম’-এ ছবি ও তথ্য প্রকাশ করে বিষয়টি জানানো হয়। জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীনও বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সরকারের অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় কার্যালয়ের ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সীমিত দরপত্রের মাধ্যমে ‘র্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। গত ২৬ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শেষ হয় এবং ১ অক্টোবর থেকে সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
সাইফুদ্দীন জানান, পুরো সোলার সিস্টেম স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ ৩৪ হাজার টাকা। এতে ৭২টি সৌর প্যানেলের সঙ্গে দুটি অনগ্রিড ইনভার্টার স্থাপন করা হয়েছে। ইনভার্টারগুলো ইন্টারনেট সংযোগ সুবিধাসম্পন্ন হওয়ায় সিস্টেমের কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
নেট মিটারিং ব্যবস্থায় এই সৌর সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে সূর্যের আলো কম-বেশি হওয়ার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও পরিবর্তিত হবে। দিনের বেলায় সূর্যের আলো থাকাকালে মূলত এই সিস্টেম থেকে বিদ্যুৎ উৎপাদন হবে।
নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, জেলা প্রশাসনের রুফটপ সোলার সিস্টেম পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদন করবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। জেলা প্রশাসনের নিজস্ব ব্যবহারের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে।
নেট মিটারিংয়ের কারণে জেলা প্রশাসনের সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ তাদের মোট ব্যবহারের হিসাব থেকে সমন্বয় করা হবে। মাস শেষে এই হিসাবের ভিত্তিতে বিদ্যুৎ বিল নির্ধারণ করা হবে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৪৫ কিলোওয়াট ক্ষমতার রুফটপ সোলার প্যানেল স্থাপনের কাজ শেষ হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোলার প্যানেলের সংখ্যা বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন