চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গ্যাসের মূল্য তালিকা না থাকায় গাছবাড়িয়া দুর্লভ পাড়া এলাকায় এক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অভিযানে অবৈধ গুদামটি ভেঙে দেওয়া হয় এবং গ্যাস মজুদ ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকাসহ উপজেলার বিভিন্ন জায়গায় গুদামঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং (একটি থেকে আরেকটিতে হস্তান্তর) করে আসছিল অসাধু চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ছৈয়দাবাদ এলাকায় অভিযান চালান চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিংয়ের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

গ্যাস ক্রস ফিলিংয়ের যন্ত্রাংশ জব্দ
অভিযানে গ্যাস ক্রস ফিলিংয়ের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ।

স্থানীয়রা জানান, চন্দনাইশে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছে বিভিন্ন অসাধু চক্র।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

চন্দনাইশে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদাম
অভিযানে অবৈধ গ্যাস গুদাম ভেঙে দেওয়া হয়।

তিনি জানান, অভিযানে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিংয়ের সত্যতা পাওয়া গেছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আগেই পালিয়ে যায়। এ সময় অবৈধ গুদামটি ভেঙে দেওয়া হয় এবং গ্যাস মজুদ ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ, ২০২৫ সালে ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে

সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিং কারখানায় ঘটে যাওয়া বিস্ফোরণে ৭-৮জন শ্রমিক মারা যায়।