ডিগার ও রেসিডেন্ট ইভিল—হলিউডের আলোচিত দুই সিনেমা একই দিনে জায়গা করে নিয়েছে ঢাকার প্রেক্ষাগৃহে। ২ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ এবং জনপ্রিয় গেমভিত্তিক নতুন ‘রেসিডেন্ট ইভিল’। ফলে একই দিনে দর্শকদের সামনে এসেছে ভিন্ন ঘরানার দুটি সিনেমা।
টম ক্রুজকে এবার একেবারেই ভিন্ন লুকে দেখা যাচ্ছে ‘ডিগার’ সিনেমায়। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, মুখে বলিরেখা ও বদলে যাওয়া শরীরী ভাষায় তিনি অভিনয় করেছেন ডিগার রকওয়েল চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন দুইবারের অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। ক্রুজের সঙ্গে এতে অভিনয় করেছেন রিজ আহমেদ, জন গুডম্যান, স্যান্ড্রা হুলার ও জেসি প্লেমনস।
সিনেমার গল্পে ডিগার রকওয়েল একজন প্রভাবশালী তেল ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একটি বিপর্যয়ের কারণে বৈশ্বিক পরিবেশ সংকট তৈরি হয়। এরপর পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি নিজেকে মানবজাতির রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন তিনি। পরিবেশ বিপর্যয়, ক্ষমতা ও ব্যবসায়িক স্বার্থকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
অন্যদিকে ‘রেসিডেন্ট ইভিল’ ফিরেছে নতুন গল্প ও নতুন চরিত্র নিয়ে। জ্যাক ক্রেগার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চ্যাম্পিয়ন, কাইলি স্পেনি ও পল ওয়াল্টার হাউজারসহ অন্যরা। এটি আগের চলচ্চিত্রগুলোর সরাসরি ধারাবাহিকতা নয়; জনপ্রিয় ক্যাপকম ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নতুনভাবে গল্প উপস্থাপন করা হয়েছে।
গল্পের কেন্দ্রে রয়েছে রাকুন সিটির ভয়াবহ বিপর্যয় এবং তার মধ্যে বেঁচে থাকার লড়াই। অস্টিন আব্রামস অভিনীত চরিত্রটি পরিস্থিতির মধ্যে আটকে পড়ে এবং সংক্রমণ ও ভয়ংকর প্রাণীর মুখোমুখি হয়। প্রশিক্ষিত যোদ্ধার বদলে সাধারণ একজন মানুষের দৃষ্টিকোণ থেকে বিপর্যয় ও সারভাইভালের অভিজ্ঞতা তুলে ধরাই সিনেমাটির অন্যতম বৈশিষ্ট্য।
একই দিনে দুই সিনেমার মুক্তিতে ঢাকার দর্শকদের সামনে থাকছে দুটি আলাদা ধরনের বিনোদন। একদিকে টম ক্রুজের সম্পূর্ণ ভিন্ন অবতার ও ইনারিতুর ব্যঙ্গাত্মক ‘ডিগার’, অন্যদিকে গেমভিত্তিক হরর ও সারভাইভাল ঘরানার ‘রেসিডেন্ট ইভিল’। আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমা দুটি বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন