প্রতিদিন সন্ধ্যা ছয়টা বাজলেই ঢাকার অনেক বেসরকারি অফিসে শুরু হয় এক অঘোষিত প্রতিযোগিতা। কে আগে অফিস ছাড়বেন, আর কে বসের পরে বের হবেন, তা যেন হয়ে ওঠে কর্মক্ষেত্রে মূল্যায়নের একটি অদৃশ্য মাপকাঠি। নিয়োগপত্রে অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা বা ৬টা লেখা থাকলেও বাস্তবে অনেক কর্মীকে থাকতে হয় রাত ৮টা, ৯টা, এমনকি ১০টা পর্যন্ত। অথচ বাড়তি সময় কাজ করার জন্য সব ক্ষেত্রে অতিরিক্ত পারিশ্রমিক বা স্বীকৃতি মেলে না। তৈরি হয়েছে এমন এক সংস্কৃতি, যেখানে কাজের ফলাফলের চেয়ে অফিসে কতক্ষণ উপস্থিত থাকা হয়েছে, সেটিই অনেক সময় বেশি গুরুত্ব পায়।
কর্মক্ষেত্রের এই সংস্কৃতির একটি অদ্ভুত দিক হলো, কেউ কেউ অফিস ছাড়ার পরও নিজের উপস্থিতির ছাপ রেখে যেতে চান। চেয়ারের পিঠে জ্যাকেট ঝুলিয়ে রাখা, কম্পিউটার চালু রেখে যাওয়া কিংবা টেবিলে অসমাপ্ত কাজ ফেলে রাখা, এসব যেন বসকে বোঝানোর কৌশল যে কর্মী এখনো অফিসে আছেন। বাস্তবে তিনি হয়তো ঘণ্টাখানেক আগেই বাসায় চলে গেছেন। আবার অনেক কর্মী নির্ধারিত সময়ে অফিস ছাড়তে চাইলে সহকর্মীদের প্রশ্নের মুখে পড়েন, ‘আজ এত তাড়াতাড়ি যাচ্ছেন?’ অথচ সময়মতো কাজ শেষ করে বাসায় ফেরা কোনো অপরাধ নয়। কিন্তু দীর্ঘদিনের অভ্যাস ও প্রতিষ্ঠানের অলিখিত নিয়ম অনেককে এমন অপরাধবোধে ভোগায়, যেন অফিসে বেশি সময় না থাকলে তাঁকে দায়িত্বশীল কর্মী হিসেবে বিবেচনা করা হবে না।
বাংলাদেশের শ্রম আইনে কী বলা আছে?
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১০০ ধারায় প্রাপ্তবয়স্ক শ্রমিকের সাধারণ দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ১০২ ধারায় সাধারণ সাপ্তাহিক কর্মঘণ্টা ৪৮ ঘণ্টা বলা হয়েছে। নির্দিষ্ট শর্তে অতিরিক্ত কাজের সুযোগ থাকলেও সপ্তাহে মোট কর্মঘণ্টা সাধারণত ৬০ ঘণ্টার বেশি হতে পারে না। অন্যদিকে ১০৮ ধারায় নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজের জন্য মূল মজুরি ও প্রযোজ্য অন্যান্য উপাদানের সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা দেওয়ার বিধান রয়েছে। তবে এসব সুরক্ষা কার ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে, তা নির্ভর করে আইনে সংশ্লিষ্ট ব্যক্তির কর্মীর সংজ্ঞা ও দায়িত্বের ধরনের ওপর। পদবিতে ‘এক্সিকিউটিভ’ বা ‘ম্যানেজার’ লেখা থাকলেই কোনো কর্মী স্বয়ংক্রিয়ভাবে আইনের বাইরে চলে যান, এমন সিদ্ধান্তও ঠিক নয়।
কাজের চেয়ে উপস্থিতি কেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে?
অনেক প্রতিষ্ঠানে কর্মীর দক্ষতা বা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সক্ষমতার চেয়ে দীর্ঘক্ষণ অফিসে থাকার বিষয়টি বেশি দৃশ্যমান হয়ে ওঠে। রাত ৯টায় অফিসের গ্রুপে কাজ শেষ করার ছবি দেওয়া, অন্ধকার অফিসে কম্পিউটার চালু রেখে ব্যস্ততার বার্তা পাঠানো কিংবা ছুটির দিনেও কাজের আপডেট দেওয়া, এসব আচরণকে কখনো কখনো অতিরিক্ত দায়িত্বশীলতার প্রমাণ হিসেবে দেখা হয়। অন্যদিকে যিনি সময়মতো কাজ শেষ করে বাসায় ফিরেছেন, তাঁর অবদান হয়তো আলোচনায় আসে না। ফলে কর্মীদের মধ্যে কাজের মানের বদলে উপস্থিতি দেখানোর প্রবণতা তৈরি হয়। দিনের কাজ পরিকল্পিতভাবে শেষ করার পরিবর্তে অনেকেই অপ্রয়োজনীয় বিরতি বা ধীরগতির কারণে কাজকে সন্ধ্যা পর্যন্ত টেনে নেন। এতে কর্মঘণ্টা বাড়ে, কিন্তু উৎপাদনশীলতা একই হারে বাড়ে না।
অফিস থেকে বাসায় ফেরার পরও অনেক কর্মীর কাজ শেষ হয় না। মোবাইল ফোনে অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমেইল ও বসের বার্তা তাঁদের ব্যক্তিগত সময়ের মধ্যে ঢুকে পড়ে। রাতের খাবার, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা সন্তানের পড়াশোনায় মনোযোগ দেওয়ার সময়ও কর্মীদের বারবার ফোন দেখতে হয়। ছুটির দিন বা ঈদের সময়েও অফিসের কাজের বার্তা আসতে পারে। এতে কাজ ও ব্যক্তিগত জীবনের সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে যায়। বিশেষ করে পরিবারের দায়িত্ব সামলানো নারীদের ওপর এর প্রভাব আরও বেশি হতে পারে। অফিসের অতিরিক্ত সময়ের কারণে তাঁদের ঘরের কাজ, সন্তানের যত্ন ও ব্যক্তিগত বিশ্রামের সময় সংকুচিত হয়ে পড়ে। ফলে কর্মক্ষেত্রে দীর্ঘক্ষণ থাকার চাপ শুধু অফিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পরিবারের জীবনেও প্রভাব ফেলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দীর্ঘ কর্মঘণ্টার ঝুঁকি
দীর্ঘ সময় কাজ করার স্বাস্থ্যগত ঝুঁকিও রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ২০২১ সালের যৌথ গবেষণা অনুযায়ী, ২০১৬ সালে সপ্তাহে অন্তত ৫৫ ঘণ্টা কাজ করার সঙ্গে সম্পর্কিত কারণে বিশ্বে প্রায় ৭ লাখ ৪৫ হাজার মানুষের স্ট্রোক ও হৃদ্রোগজনিত মৃত্যু হয়েছিল। গবেষণায় দেখা যায়, সপ্তাহে ৩৫ থেকে ৪০ ঘণ্টা কাজ করা ব্যক্তিদের তুলনায় ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করা ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি ৩৫ শতাংশ বেশি এবং হৃদ্রোগে মৃত্যুর ঝুঁকি ১৭ শতাংশ বেশি ছিল। দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের ঝুঁকির প্রভাবও উল্লেখযোগ্য।
অফিস সময়ের পরও কি কর্মীকে সবসময় যুক্ত থাকতে হবে?
বিশ্বের কয়েকটি দেশে কর্মীদের ব্যক্তিগত সময় সুরক্ষায় ‘রাইট টু ডিসকানেক্ট’ বা কাজ থেকে বিচ্ছিন্ন থাকার অধিকার নিয়ে আইন ও নীতিমালা চালু হয়েছে। ফ্রান্সে ২০১৭ সাল থেকে কর্মক্ষেত্রে অফিস সময়ের পর ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও নীতিমালা তৈরির বাধ্যবাধকতা কার্যকর হয়। অস্ট্রেলিয়ায় ২০২৪ সালে কার্যকর হওয়া আইনে কর্মীরা নির্দিষ্ট পরিস্থিতিতে অফিস সময়ের বাইরে কাজসংক্রান্ত ফোন বা বার্তার উত্তর দিতে অস্বীকৃতি জানাতে পারেন। তবে অস্ট্রেলিয়ার আইনেও পরিস্থিতি, দায়িত্ব ও যোগাযোগের যৌক্তিকতা বিবেচনার বিষয় রয়েছে।
বাংলাদেশের কর্মক্ষেত্রেও এ ধরনের বিষয় নিয়ে আলোচনা জরুরি। কর্মীদের কাজের মূল্যায়ন হওয়া উচিত তাঁদের দক্ষতা, দায়িত্ব পালন, কাজের মান ও নির্ধারিত লক্ষ্য অর্জনের ভিত্তিতে। শুধু বসের আগে অফিস না ছাড়াকে দায়িত্বশীলতার মাপকাঠি বানালে কর্মীদের মানসিক চাপ বাড়বে, ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হবে এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও বাধাগ্রস্ত হতে পারে। অফিসের সময় শেষ হলে কর্মীর ব্যক্তিগত সময়ের প্রতিও সম্মান দেখানো প্রয়োজন। কারণ একজন কর্মীর জীবন শুধু তাঁর অফিসের ডেস্ক, কম্পিউটার কিংবা পদবির মধ্যে সীমাবদ্ধ নয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন