বিমান চলাচলে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন অগ্রগতি দেখিয়েছে চীন। দেশটিতে তৈরি ১৯ আসনের একটি বৈদ্যুতিক বিমান এবার প্রথমবারের মতো দুজন পাইলট ও পরীক্ষক নিয়ে সফলভাবে আকাশে উড়েছে। নির্মাতাদের দাবি, একবার চার্জ দিলে বিমানটি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
শনিবার (১৪ নভেম্বর) চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হয়। প্রায় ১০ টন ওজনের সিই-২৫এ মডেলের বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে। এ সময় এটি মোট ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার পুরো সময় বিমানটির কার্যক্রম স্বাভাবিক ছিল।
বিমানটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক)। এটি প্রতিষ্ঠানটির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এর আগে গত ২ ফেব্রুয়ারি চালকবিহীন অবস্থায় বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছিল। সব মিলিয়ে পাইলট ছাড়া ১৯টি পরীক্ষামূলক উড্ডয়নও সম্পন্ন করেছে বিমানটি।
স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে যাত্রী পরিবহনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সিই-২৫এ। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার এবং একবার পূর্ণ চার্জে এটি ৪০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম বলে জানিয়েছে নির্মাতা দল।
বিমানটির ডানার ওপর স্থাপন করা হয়েছে বিশেষ বৈদ্যুতিক পাখা, যার মাধ্যমে এটি উড্ডয়ন ও চলাচলের শক্তি পায়। এর প্রযুক্তি ও নকশা উন্নয়নে কম্যাকের সঙ্গে কাজ করেছে ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান। ফলে বিমানটির উন্নয়নে উড়োজাহাজ নির্মাণ ও ব্যাটারি প্রযুক্তির সমন্বয় ঘটেছে।
তবে পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলেও এখনই বাণিজ্যিক যাত্রী পরিবহন শুরু হচ্ছে না। এ জন্য প্রয়োজনীয় সনদ পেতে নির্মাতারা আবেদন করেছে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তা গ্রহণ করেছে। বাণিজ্যিকভাবে চলাচলের অনুমতি পাওয়ার আগে বিমানটিকে আরও কয়েকটি পরীক্ষার ধাপ পার হতে হবে। সব প্রক্রিয়া সফল হলে স্বল্প দূরত্বের আকাশপথে যাত্রী পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে চীনের এই বৈদ্যুতিক বিমান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন