চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঝাউবাগান এলাকায় স্কুল চলাকালীন সময়ে ঘোরাফেরা করার অপরাধে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আটক করে তাদের অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝাউবাগান এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে কয়েকজন শিক্ষার্থীকে ঘোরাঘুরি করা অবস্থায় পাওয়া যায়। পরে তাদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের খবর দেওয়া হয় এবং তাদের জিম্মায় হস্তান্তর করা হয়। এর আগেও কয়েকবার অভিযান পরিচালনা করা হয় এবং শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়।

স্কুল ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান
শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান।

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন,"অভিভাবকদের আরো সচেতন হতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে? কার সাথে বন্ধুত্ব করছে? তা নিয়মিত খোঁজ-খবর রাখতে হবে। আজও ঝাউবাগান এলাকা হতে স্কুল চলাকালীন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরকে শিক্ষকদের নিকট হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, "নিয়মিত এই অভিযানের ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। স্কুল সময়ে কোনো শিক্ষার্থী বাইরে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

এদিকে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।