চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ জন নিয়মিত মাদক মামলার আসামি এবং ৫ জন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামি।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুকন উদ্দিন জিশান (২২), বেলাল হোসেন লিটন (৩৫), সুজাউল ইসলাম শাহিন (২১), মো. আসিফ প্রকাশ শাকিব (২০), আরিফুল ইসলাম (২২) ও অলক বিশ্বাস (২৬)।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় দায়ের হওয়া পৃথক ৫টি ভ্রাম্যমাণ আদালত মামলায় সাজাপ্রাপ্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। আদালত প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ৬ জনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।