এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের লড়াইয়ে লিটন দাসের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া।
নিশিনে আজ মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে মাঠে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।
এই এক পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচে মালয়েশিয়ার মোট পয়েন্ট দাঁড়ায় তিন। তাতে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা। বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় ওমানের বিদায়ও নিশ্চিত হয়ে যায়।
অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং। ফলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হয়েছে পাকিস্তান। এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
এশিয়ান গেমস ক্রিকেটের ‘এ’ গ্রুপ থেকেও কোয়ার্টার ফাইনালের দুই দল নিশ্চিত হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল, আর রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে আফগানিস্তান। বৃষ্টির কারণে এই গ্রুপের শেষ ম্যাচও পরিত্যক্ত হয়েছে।
আজ নেপাল ও জাপানের ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নেপাল গ্রুপের শীর্ষস্থান ধরে রাখে। অন্যদিকে স্বাগতিক জাপানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।
কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘এ’-এর শীর্ষ দল নেপাল খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। একই পর্বে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
আগামী সোমবার থেকে শুরু হবে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।
বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। বাংলাদেশ সময় বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। এর আগে একই দিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডও স্বস্তি দিতে পারে দলকে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ।
সেই ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে একই প্রতিপক্ষের সামনে পড়েছে টাইগাররা। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজও খেলেছে মালয়েশিয়া।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন