রায়পুরা ম্যারাথন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে নরসিংদীর রায়পুরায়। সুস্থ জীবনযাপন, শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ। বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় এ আয়োজন। ভোর ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। পরে সকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে দৌড় শুরু হয়। নরসিংদীর রায়পুরা আঞ্চলিক সড়ক ধরে হাসনাবাদ ১০ নম্বর সেতু পর্যন্ত গিয়ে প্রতিযোগীরা আবার শুরুর স্থানে ফিরে আসেন।
আয়োজনের প্রধান অতিথি ও স্পনসর ছিলেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান এবং রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদারসহ অন্যরা। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ ম্যারাথন।
প্রতিযোগীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। নির্ধারিত এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দায়িত্ব পালন করেন প্রায় ২০০ স্বেচ্ছাসেবক। তাঁদের পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রামপুলিশের সদস্যরাও সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।
ঢাকা থেকে আসা প্রতিযোগী সুবাহা মাহাদি সিদ্দিকী জানান, মায়ের অনুপ্রেরণায় তাঁর দৌড় শুরু। রায়পুরার মেঠোপথে দৌড়ানোর অভিজ্ঞতা তাঁর কাছে ছিল বিশেষ আনন্দের। অন্যদিকে, সত্তরোর্ধ্ব বয়সেও ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নেন মো. কবির উদ্দিন। রায়পুরার প্রাকৃতিক সৌন্দর্য ও দৌড়ের উপযোগী পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।
সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণ আয়োজকদের আনন্দিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজক কমিটির আহ্বায়ক ইউএনও মো. মাসুদ রানা আয়োজন সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। রায়পুরা রানার্স কমিউনিটির সমন্বয়ক সবুজ শিকদার বলেন, তরুণদের সুস্থ জীবনে উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং রায়পুরাকে দেশে বিদেশে ইতিবাচকভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন